পুলিশ-ছাত্রলীগ সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে আজ রোববার পুলিশের সঙ্গে ছাত্রলীগের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। ছবি: নাজমুস সাকিব
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে আজ রোববার পুলিশের সঙ্গে ছাত্রলীগের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। ছবি: নাজমুস সাকিব

ছাত্রশিবিরের মিছিলকে কেন্দ্র করে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। আজ রোববার দুপুর পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

সংঘর্ষে পুলিশের সাতজন সদস্যসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। পুলিশের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হয়েছেন ছাত্রলীগের পাঁচ নেতা-কর্মী। সংঘর্ষের সময় প্রক্টরের কার্যালয় ও বিশ্ববিদ্যালয়ের তিনটি গাড়িতে ব্যাপক ভাঙচুর চালান ছাত্রলীগের কর্মীরা।

এদিকে পুলিশের হামলার প্রতিবাদে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ক্যাম্পাসে আগামীকাল সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে।

প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে বেলা সাড়ে ১১টার দিকে কলা অনুষদের সামনে থেকে মিছিল বের করার চেষ্টা করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। এ সময় প্রক্টর মাহবুবুর রহমার তাদের বাধা দিলে কথা-কাটাকাটি হয়। প্রক্টর মিছিলের অনুমতি না দিয়ে তাদের ব্যানার কেড়ে নেন। পরে ব্যানার ছাড়াই শিবিরের নেতা-কর্মীরা কৌশলে মিছিল বের করেন। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ক্যাম্পাস ত্যাগ করে। শিবিরের মিছিল শেষ হলে পাল্টা মিছিল বের করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে পৌঁছালে শিক্ষার্থী বহনকারী একটি বাসে ভাঙচুর চালান ছাত্রলীগের নেতা-কর্মীরা। পরে প্রশাসন ভবনের সামনে গিয়ে সেখানে বিশ্ববিদ্যালয়ের একটি দ্বিতল বাসসহ দুটি বাসে ভাঙচুর চালানো হয়। মিছিল শেষে ছাত্রলীগের নেতা-কর্মীরা প্রক্টরের কার্যালয় ভাঙচুর করেন। এ ছাড়া ডায়না চত্বরের পাশ দিয়ে যাওয়ার সময় উপাচার্য আবদুল হাকিম সরকার ও সহ-উপাচার্য মো. শাহিনুর রহমানের গাড়িতে ইটপাটকেল ছোড়েন তাঁরা। এ সময় উপাচার্য ও সহ-উপাচার্য একটি অনুষ্ঠানে যোগদান শেষে ওই সড়ক দিয়ে প্রশাসন ভবনের দিকে যাচ্ছিলেন।

পুলিশের ছোড়া গুলিতে আহত হওয়া ছাত্রলীগের পাঁচজনের একজন। ছবি: নাজমুস সাকিব
পুলিশের ছোড়া গুলিতে আহত হওয়া ছাত্রলীগের পাঁচজনের একজন। ছবি: নাজমুস সাকিব

উপাচার্য ও সহ-উপাচার্যের গাড়িতে হামলা চালানোর সময় পুলিশ ছাত্রলীগের নেতা-কর্মীদের বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে ছাত্রলীগের ধস্তাধস্তি শুরু হয়। এর কিছুক্ষণ পর ছাত্রলীগের নেতারা ডায়না চত্বর ত্যাগ করে প্রশাসন ভবনের সামনে গিয়ে সেখানে অবস্থানরত পুলিশ সদস্যদের ওপর চড়াও হন। এতে সাত পুলিশ সদস্য আহত হন। এ ঘটনার পর পুলিশ ছাত্রলীগের নেতা-কর্মীদের লক্ষ্য করে আট থেকে দশটি গুলি ছোড়ে ও লাঠিপেটা করে। এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে প্রশাসন ভবনের ভেতর দিয়ে পালিয়ে যান। পুলিশের ছোড়া গুলিতে ছাত্রলীগের পাঁচ কর্মী গুলিবিদ্ধ ও লাঠিপেটায় আট কর্মী আহত হন।

গুলিবিদ্ধ ছাত্রলীগের কর্মীরা হলেন: শাহীনুর রহমান, রানু, মাসুদ, অমিত ও সুমন। তাঁদের বিশ্ববিদ্যালয় চিকিত্সাকেন্দ্রে প্রাথমিক চিকিত্সা শেষে কুষ্টিয়া ও ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ-ছাত্রলীগ সংঘর্ষের ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় প্রশাসন ভবনের ভেতরে অবস্থানরত কর্মকর্তা-কর্মচারীদের পুলিশ সদস্যরা মারধর করেছেন বলে অভিযোগ ওঠে। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন, প্রক্টর ও প্রক্টরিয়াল বডির সদস্যদের মধ্যস্থতায় পরিস্থিতি শান্ত হয়।

অন্যদিকে পুলিশের এ হামলার প্রতিবাদে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পদত্যাগ দাবি করে আবারও মিছিল করে ছাত্রলীগ। এ সময় পুলিশের হামলার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ে আগামীকাল থেকে অনির্দিষ্টকালের ছাত্র ধর্মঘটের ডাক দেওয়া হয়।

হামলার বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আহ্বায়ক শামীম খান বলেন, ‘শিবিরের মিছিলের প্রতিবাদে আমরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করলে পুলিশ একপর্যায়ে আমাদের বাধা দেয়। এ সময় আমাদের কিছু নেতা-কর্মী তাঁদের সাথে হাতাহাতিতে জড়িয়ে পড়লে পুলিশ অতর্কিতভাবে আমাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।’

বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি মো. আসাদুল্লাহ জানান, গাজা একটি মানবিক ইস্যু। এ ইস্যুতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা মিছিল বের করলে শিবিরের নেতা-কর্মীরা এতে যোগ দেন। সংঘর্ষ বা ভাঙচুরের সঙ্গে শিবিরের কোনো সম্পৃক্ততা নেই।

বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শরিফুল হক জানান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সহ-উপাচার্যের গাড়িতে হামলার চেষ্টাকালে বাধা দিলে ছাত্রলীগের নেতা-কর্মীরা পুলিশ সদস্যদের ওপর হামলা চালান। এ সময় পুলিশ সদস্যরা আত্মরক্ষার জন্য গুলি ছুড়তে বাধ্য হয়েছেন।

প্রক্টর মাহবুবর রহমান জানান, ছাত্রলীগ ও পুলিশের মধ্যকার ঘটনা দুঃখজনক। ক্যাম্পাস পরিস্থিতি শান্ত রাখার জন্য সব ধরনের চেষ্টা অব্যাহত রয়েছে। বিষয়টি পূর্ণভাবে খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি।

সন্ধ্যায় শেষ খবর পাওয়া পর্যন্ত বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন বৈঠক করছিল।