পুলিশ-জলদস্যু গোলাগুলি, অপহৃত ২৬ জেলে উদ্ধার
নোয়াখালীর হাতিয়ার মেঘনার ঠেংগারচরে জলদস্যু ভুট্টো বাহিনীর সদস্যদের মধ্যে গোলাগুলির পর অপহৃত ২৬ জেলেকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেল চারটার দিকে এ গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় পুলিশ জলদস্যুদের কাছ থেকে তিনটি মাছ ধরার ট্রলারও উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রের বক্তব্য অনুযায়ী, শনিবার ভোরে মেঘনা নদীতে মাছ ধরার সময় তিনটি মাছ ধরার ট্রলার ভুট্টো বাহিনীর কবলে পড়ে। ভুট্টো বাহিনীর সদস্যরা জেলেদের অপহরণ করে ঠেংগারচরে নিয়ে তাদের আস্তানায় আটকে রাখে। এ ছাড়া জলদস্যুরা জেলেদের মারধর করে মাছসহ ট্রলার নিয়ে যায়। গতকাল সকালে অন্য জেলেরা ঘটনাটি পুলিশকে জানায়। এরপর বেলা ১১টার দিকে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সামাদের নেতৃত্বে পুলিশের একটি দল ঠেংগারচরের উদ্দেশে রওনা হয়।
পুলিশ জানায়, বিকেল চারটার দিকে পুলিশের দলটি ঠেংগারচরের কাছে গেলে জলদস্যুরা পুলিশকে লক্ষ৵ করে গুলি ছুড়তে শুরু করে। জবাবে পুলিশও পাল্টা গুলি চালায়। বেশ কিছুক্ষণ গোলাগুলির পর পুলিশ ঠেংগারচরের খাল থেকে তিনটি ট্রলার ও অপহৃত ২৬ জেলেকে উদ্ধার করে।
মুঠোফোনের নেটওয়ার্কের সমস্যা থাকায় এ ব্যাপারে অভিযান পরিচালনাকারী ওসির সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
অপহৃত ২৬ জেলে ও তিনটি ট্রলার উদ্ধারের সত্যতা নিশ্চিত করে সদর সার্কেলের এএসপি নিষ্কৃতি চাকমা বলেন, ওসি এখনো অভিযানে আছেন। প্রাথমিকভাবে জেলে ও ট্রলার উদ্ধারের ওই তথ্য তাঁকে ঘটনাস্থল থেকে জানানো হয়েছে। তিনি জানান, জলদস্যুদের সঙ্গে গোলাগুলি চলাকালে পুলিশ শটগান থেকে ২০-২১টি গুলি করেছে। জলদস্যুদের কাছে আরও ১০-১১ জন জেলে আটক রয়েছে বলে তিনি শুনেছেন। তাঁদেরও উদ্ধারের চেষ্টা চলছে।
এএসপি নিষ্কৃতি চাকমা জানান, অভিযানে কোনো জলদস্যু আটক কিংবা অস্ত্র উদ্ধার হয়েছে কি না, তা এখনো জানা যায়নি।