পুলিশ-ডাকাত গুলিবিনিময়, ৩টি অস্ত্র ও ১০টি গুলি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের লোহাগাড়ার বড়হাতিয়া ইউনিয়নের মধ্যম চাকফিরানী এলাকায় অস্ত্র উদ্ধারের সময় পুলিশ-ডাকাত গুলি বিনিময় হয়েছে। গত মঙ্গলবার রাত দুইটায় এ ঘটনা ঘটে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই দিন বিকেলে চুনতি খাঁর দীঘি এলাকায় একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে লোহাগাড়া থানা-পুলিশ মো. নাজিম উদ্দিন (২৬) ও মনির আহমদ (৩০) নামে দুই ডাকাতকে পাঁচটি গুলিসহ গ্রেপ্তার করে। এ সময় পুলিশের জিজ্ঞাসাবাদে আটক দুই ডাকাত তাদের নিজ বাড়িতে অস্ত্র রয়েছে বলে স্বীকার করে। গভীর রাতে পুলিশ ডাকাত নাজিমের বাড়ি থেকে তিনটি দেশীয় অস্ত্রসহ ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে। ওই সময় নাজিমের মা রাবেয়া খাতুন ও বোন শারমীন আক্তারকে পুলিশ গ্রেপ্তার করে। পরে পার্শ্ববর্তী ডাকাত মনিরের বাড়িতে তল্লাশি চালিয়ে পাঁচটি গুলি উদ্ধার করে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান জানান, রাতে ডাকাত নাজিম ও মনিরের সহযোগীরা আসামিদের ছিনিয়ে নেওয়ার জন্য পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। উভয় পক্ষে প্রায় ৪০টি গুলিবিনিময় হয়। এ সময় ডাকাত নাজিম পায়ে গুলিবিদ্ধ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছে।
ডাকাতের গুলিতে আহত হন লোহাগাড়া থানার উপপরিদর্শক মো. সোলাইমান ও মো. নুরুল ইসলামসহ দুই কনস্টেবল। আহত পুলিশ সদস্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে থানা সূত্রে জানা যায়।