পুলিশ-ডাকাত গোলাগুলি, আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় গতকাল সোমবার পুলিশের সঙ্গে একদল ডাকাতের গোলাগুলি হয়েছে। এ ঘটনায় চার পুলিশ ও এক ডাকাত আহত হয়।
আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ তিনটি রামদা, সুইস গিয়ার ও একটি কাটার উদ্ধার করেছে।
এ ঘটনায় আহত ফতুল্লা মডেল থানার এএসআই (সহকারী উপপরিদর্শক) কামরুল ইসলাম চিকিৎসা নিয়েছেন। তাঁর ভাষ্যমতে, সোমবার (গতকাল) ভোরে ঢাকা থেকে রডবোঝাই একটি ট্রাক ডাকাতি করে নিয়ে আসে ডাকাত দল। ট্রাকটি ফতুল্লার দিকে নিয়ে আসার সময় পোস্ট অফিস তুফানী জামে মসজিদের সামনে তাদের আটক করার চেষ্টা করা হয়। এ সময় ডাকাতেরা দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন পুলিশও তাদের ধাওয়া করে। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে ডাকাতেরা পুলিশের মাইক্রোবাসকে ধাক্কা দেয়। এতে তিনিসহ গাড়িতে থাকা চার পুলিশ সদস্য আহত হন। আহত অপর তিনজন হলেন এসআই (উপরিদর্শক) নাহিদ আহমেদ, কনস্টেবল মোজাম্মেল সুলতান ও সোহেল। এরপরও পুলিশ ধাওয়া অব্যাহত রাখলে ডাকাতেরা ট্রাক রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় গুলিতে আহত ইব্রাহিম মিয়া নামে এক ডাকাতকে আটক করে পুলিশ। বাকি ডাকাতেরা পালিয়ে যায়। আটক ইব্রাহিম ফতুল্লার পাগলা জেলেপাড়া এলাকার বাসিন্দা।