পুলিশ তদন্তকেন্দ্র থেকে আসামির পলায়ন
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢেমশা চৌধুরীহাট পুলিশ তদন্তকেন্দ্র থেকে গতকাল মঙ্গলবার সকালে মোহাম্মদ রুবেল (২৪) নামের এক আসামি পালিয়ে গেছেন।
এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ওই পুলিশ তদন্তকেন্দ্রের কনস্টেবল মো. সিরাজুল ইসলামকে চট্টগ্রামের পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। ঘটনার পর সাতকানিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
রুবেলের বাড়ি উপজেলার ঢেমশা ইউনিয়নের উত্তর ঢেমশা ফকিরপাড়া এলাকায়।
পুলিশ তদন্তকেন্দ্রের সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল আলিম শেখ জানান, রুবেলের বিরুদ্ধে সংখ্যালঘুর বাড়িতে আগুন দেওয়া ও ভোটকেন্দ্রে হামলা-ভাঙচুরের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাতকানিয়া থানায় দুটি মামলা আছে। দীর্ঘদিন পলাতক থাকার পর গত সোমবার রাতে তিনি বাড়ি আসেন। গতকাল ভোর সাড়ে ছয়টার দিকে তাঁকে বড়ুয়াপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাঁকে পুলিশ তদন্তকেন্দ্রে আনা হয়। সেখান থেকে সাতকানিয়া থানায় নেওয়ার প্রস্তুতির সময় হাতকড়া খুলে দায়িত্বরত কনস্টেবলের চোখ ফাঁকি দিয়ে তিনি পালিয়ে যান।
পুলিশ জানায়, অস্থায়ী তদন্তকেন্দ্রে হাজতখানা না থাকায় হাতকড়া পরিয়ে রুবেলকে জানালার গ্রিলের সঙ্গে আটকে রাখা হয়। কীভাবে তিনি হাতকড়া থেকে হাত বের করে নিয়েছেন তা বোঝা যাচ্ছে না।
সাতকানিয়া থানার ওসি মো. খালেদ হোসেন প্রথম আলোকে বলেন, পালিয়ে যাওয়া আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান শুরু হয়েছে।
সাতকানিয়া সার্কেলের এএসপি এ কে এম এমরান ভূঞা বলেন, পলাতক আসামির বিরুদ্ধে মামলা করা হবে।