পুলিশ দম্পতির বাসায় তরুণের অপমৃত্যু, হত্যার অভিযোগ
মিরপুরে পুলিশ দম্পতির বাসায় এক তরুণের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মৃত তরুণের বাবার দাবি, তাঁকে হত্যা করা হয়েছে। মিরপুর থানার পুলিশ জানিয়েছে, আনুমানিক ১৮ বছর বয়সের রাসেল নামের ওই তরুণ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে মনে হয়েছে।
রাসেল মিরপুরের বড়বাগে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) এ বি নজরুল ইসলাম ও এএসআই হোসনে আরা দম্পতির বাসায় গৃহকর্মীর কাজ করতেন। রাসেলের বাড়ি নাটোরের গুরুদাসপুরে। তিনি গৃহকর্তা নজরুলের গ্রাম সম্পর্কের ভাগনে।
এ বিষয়ে রাসেলের চাচা শফিকুল ইসলামের সঙ্গে মুঠোফোনে কথা হয় তাঁর বাবা রফিকুল ইসলামের। রফিকুলের অভিযোগ, রাসেলকে হত্যা করা হয়েছে। তিনি জানান, বছরখানেক আগে এএসআই নজরুলের বোনের মাধ্যমে রাসেলকে ঢাকায় কাজে পাঠানো হয়। কিন্তু গত এক বছরেও রাসেলের বেতনের কোনো টাকা পরিশোধ করেননি পুলিশ দম্পতি। মাঝে রাসেল একবার বাড়ি চলে গেলেও তাঁকে আবার অনেকটা জোর করে ঢাকায় নেওয়া হয়।
এদিকে রাসেলের মৃতদেহের বাহ্যিক অবস্থা দেখে পুলিশ যে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে সেখানে বলা হয়েছে, মৃতদেহের থুতনিতে দুটি ছিলা জখম রয়েছে। আর গলা স্বাভাবিক। সাধারণত ফাঁস দিয়ে মারা যাওয়া মানুষের ক্ষেত্রে গলায় একটি অর্ধচন্দ্রাকৃতির দাগ পড়ে। সুরতহাল প্রতিবেদনে এ রকম কোনো দাগের উল্লেখ নেই। প্রতিবেদনটি তৈরি করেছেন মিরপুর থানার এসআই অজিত কুমার রায়।
মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) অজিৎ কুমার রায় বলেন, এএসআই নজরুল ও হোসনে আরা দম্পতির দুই সন্তান। নজরুল ঢাকা মহানগর পুলিশের পরিবহন বিভাগে আর হোসনে আরা পুলিশের বিশেষ শাখায় কর্মরত। দুজনই চাকরিজীবী হওয়ায় বাচ্চাদের দেখাশোনার জন্য সাত-আট মাস আগে তাঁরা রাসেলকে ঢাকায় নিয়ে আসেন। রোববার সকালে স্বামী-স্ত্রী দুজন কর্মস্থলে চলে যান। দুপুরে তাঁদের পাঁচ বছর বয়সী ছেলে ফোন করে জানায় যে রাসেল ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছে। এ খবর শুনে হোসনে আরা দ্রুত বাসায় চলে আসেন। এরপর বাসায় ঢুকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে রাসেলকে তাৎক্ষণিক উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতাল এবং পরে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন। এরপর সেখান থেকে লাশ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য রাতে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায়।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে নিয়মানুযায়ী একটি অপমৃত্যুর মামলা হয়েছে। যখন মামলাটি হয়েছে তখন পরিবারের সদস্যরা ছিলেন না।