পুলিশ দেখে পালাতে গিয়ে মৃত্যু!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী শহরে পুকুরে পড়ে মো. খোকন (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পুলিশ দেখে পালাতে গিয়ে শহরের পৌর করিমপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে। খোকনের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ রয়েছে।

পুলিশ ও স্থানীয় লোকজনের ভাষ্য, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সাদা পোশাকের কয়েকজন পুলিশ খোকনদের বাড়ির পাশের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। এ সময় পুলিশ দেখে পালানোর সময় খোকন বাড়ির সামনের পুকুরে পড়ে যান। আর তাঁর সঙ্গে থাকা অপর দুজন পালিয়ে যায়। এ ঘটনার পর পুলিশ চলে যায়। পরে স্থানীয় লোকজন পুকুর থেকে খোকনকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

জানতে চাইলে জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. জসিম উদ্দিন চৌধুরী প্রথম আলোকে তিনি বলেন, সাদা পোশাকের কয়েকজন পুলিশ ওই এলাকা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় পুলিশ দেখে দৌড়ে পালাতে গিয়ে খোকন পুকুরে পড়ে মারা গেছেন। তিনি আরও বলেন, নিহত খোকন পেশাদার মাদক ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধে পাঁচটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।