পুলিশ দেখেই দৌড়...
পুলিশ দেখে দৌড়ে পালানোর চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি এক যুবকের। অস্ত্রসহ ধরা পড়েন তিনি। তাঁর নাম মো. জালাল। গত রোববার রাতে চট্টগ্রাম নগরের জাকির হোসেন রোডের টেক্সটাইল গেটের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাশ গতকাল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, রোববার রাতে জাকির হোসেন রোডের পাহাড়তলী টেক্সটাইল মিলসের সামনে তল্লাশিচৌকি বসানো হয়। সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি চলানো হচ্ছে। ওই পথ দিয়ে রিকশাযোগে তিন যুবক যাচ্ছিলেন। পুলিশ সদস্যরা রিকশাটিকে থামতে সংকেত দেন। এ সময় রিকশায় থাকা তিন যুবক দৌড়ে পালানোর চেষ্টা করেন। দুই যুবক পালিয়ে গেলেও জালাল নামের একজনকে পুলিশ সদস্যরা ধরতে সক্ষম হন। পরে তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। পলাতক দুজনকে গ্রেপ্তারে অভিযান চলছে।