পুলিশ পরিচয়ে জনপ্রতিনিধি ও প্রবাসীর বাড়িতে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় পুলিশ পরিচয়ে জনপ্রতিনিধি ও এক প্রবাসীর বাড়িতে ডাকাতি হয়েছে। এর মধ্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের বাড়িও আছে। গত বৃহস্পতিবার রাত দেড়টার দিকে ভিটিঝগড়ারচরে এ ঘটনা ঘটে।
ডাকাতেরা এক লাখ ৭০ হাজার টাকা, সাড়ে নয় ভরি সোনার গয়না, তিনটি মুঠোফোন লুটে নিয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা দাবি করেছেন।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জলি আমির জানান, রাত দেড়টার দিকে সাত-আটজন লোক কলাপসিবল ফটকের তালা কেটে ভেতরে ঢুকে দরজায় ধাক্কা দেয়। তারা নিজেদের পুলিশ বলে পরিচয় দেয়। দরজা খুলতে না চাইলে ছিটকিনি ভেঙে কক্ষে ঢুকে তাঁর স্বামী দরিয়াদৌলত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমির হোসেনের হাতা-পা বেঁধে ফেলে। তারা আলমারির ড্রয়ার ভেঙে এক লাখ ৩০ হাজার টাকা এবং সাড়ে চার ভরি সোনার গয়না ও একটি মুঠোফোন নিয়ে যায়।
প্রবাসীর স্ত্রী রাশিদা আক্তার জানান, পাশের বাসার হইচই শুনে দরজা খুললে পাঁচজন ডাকাত তাঁর বাসায় ঢুকে। চাপাতি দিয়ে তাঁকে জিম্মি করে আলমারি ভেঙে পাঁচ ভরি সোনা, ৪০ হাজার টাকা, দুটি মুঠোফোন নিয়ে যায়।