পুলিশ পরিচয়ে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাই গ্রামে তাঁত ব্যবসায়ীর বাড়িতে গত রোববার রাতে পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদের হামলায় একজন আহত হয়েছেন। ডাকাতেরা প্রায় ২২ ভরি সোনার গয়নাসহ নগদ টাকা নিয়ে গেছে।

থানা-পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, রাতে তামাই গ্রামের তাঁত ব্যবসায়ী মারহাবা মুন্সীর বাড়িতে পুলিশ পরিচয় দিয়ে ১২-১৪ জন ডাকাত প্রবেশ করতে চায়। এ সময় বাড়ির লোকজন বাধা দিলে ডাকাতেরা বেড়া ও দরজা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি ও মারধর শুরু করে। এ ঘটনায় বাড়ির মালিক মারহাবা আহত হন। তারা আলমারি ভেঙে ২২ ভরি সোনার গয়না ও নগদ ২০ হাজার টাকা লুট করে। ডাকাতির ঘটনা টের পেয়ে গ্রামের লোকজন এগিয়ে এলে ডাকাতেরা পালিয়ে যাওয়ার সময় একটি শাটারগান ফেলে যায়। পরে পুলিশ এসে তা উদ্ধার করে।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, এ ঘটনায় বাড়ির সদস্য আসাদুল মুন্সী বাদী হয়ে গতকাল সোমবার একটি মামলা দায়ের করেছেন। তদন্তপূর্বক মালামাল উদ্ধারসহ ডাকাত সদস্যদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান শুরু হয়েছে।