পুলিশ পরিচয়ে ডাকাতির চেষ্টা
পুলিশ পরিচয়ে একটি বাড়িতে একদল দুর্বৃত্ত ডাকাতির চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে। এ সময় ডাকাতেরা বাড়ির গৃহকর্তাসহ তিনজনকে পিটিয়ে আহত করে।
গতকাল সোমবার দিবাগত রাত দুইটার দিকে সাতক্ষীরার তালা উপজেলার চর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি বন্দুক, ১৭টি গুলি, একটি গুলির খোসা ও দুইটি দা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানায়।
গৃহকর্তা আহত মতিয়ার শেখের ভাষ্য, রাতে খাবার খেয়ে তাঁরা সবাই ঘুমিয়ে পড়েন। রাত দুইটার দিকে ১০-১২ জন পুলিশ পরিচয় দিয়ে তাঁর বাড়িতে ঢোকে। ওই বাড়িতে পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির নেতারা অবস্থান করছেন বলে তারা জানায়। দুর্বৃত্তরা জানায়, তারা তাঁকে (মতিয়ার শেখ) গ্রেপ্তার করতে এসেছেন। এ সময় সন্দেহ হলে মতিয়ার শেখ চিৎকার শুরু করেন।
মতিয়ার শেখ আরও দাবি করেন, একপর্যায়ে ডাকাতেরা দরজা ভেঙে ঘরে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ফেলে। দুর্বৃত্তরা তাঁর স্ত্রী লতিফা বেগম ও মেয়ে রুমিকে পিটিয়ে আহত করে। তাঁদের চিৎকারে আশপাশের লোকজন ডাকাতদের ধাওয়া করে। এ সময় তারা গুলি চালায়। একটি বন্দুকসহ ১৭টি গুলি ফেলে পালিয়ে যায়।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একটি বন্দুক, ১৭ রাউন্ড গুলি, একটি গুলির খোসা ও দুইটি দা উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।