পুলিশ পরিচয়ে ডাকাতির চেষ্টা ছয়জন আটক
চট্টগ্রামের লোহাগাড়ায় পুলিশ পরিচয়ে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে অস্ত্রসহ ছয়জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্র জানায়, গত বুধবার রাত আড়াইটার দিকে উপজেলার পুটিবিলা ইউনিয়নের গৌড়স্থান নয়াপাড়া এলাকায় সৌদিপ্রবাসী নজরুল ইসলামের বাড়িতে ডাকাতির চেষ্টা চালানো হয়।
প্রবাসীর স্ত্রী পারভীন আক্তার জানান, বুধবার রাতে নিজেদের পুলিশ পরিচয় দিয়ে ঘরের দরজা খুলতে বলে কয়েকজন ব্যক্তি। একই সঙ্গে ভারী কিছু দিয়ে আঘাত করে দরজা ভাঙার চেষ্টা করে তারা। সন্দেহ হওয়ায় মুঠোফোনে বিষয়টি লোহাগাড়া থানায় জানানো হয়। পরে পুলিশ বাড়ির পাশের এমচরহাট এলাকা থেকে একটি অটোরিকশাসহ ছয়জনকে আটক করে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান জানান, আটক ছয় ব্যক্তির কাছ থেকে দেশি বন্দুক ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। অটোরিকশাটি থানা হেফাজতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতি আইনে মামলা করা হবে।
আটক ব্যক্তিরা হলো লোহাগাড়ার পদুয়া নোয়াপাড়া এলাকার শহীদুল ইসলাম, আব্দুল করিম, মো. এরশাদ, মো. মোরশেদ, সাতকানিয়ার কেঁউচিয়ার মো. রিদওয়ান ও অটোরিকশাচালক মোস্তাফিজুর রহমান।