পুলিশ পরিচয়ে তালায় ডাকাতির চেষ্টা, আহত ৩
সাতক্ষীরার তালা উপজেলার চরগ্রামে গত সোমবার দিবাগত রাতে পুলিশ পরিচয়ে একটি বাড়িতে ডাকাতির চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় ডাকাতেরা বাড়ির গৃহকর্তা মতিয়ার শেখসহ তিনজনকে পিটিয়ে জখম করে।
মতিয়ার শেখ জানান, সোমবার রাতে খাবার খেয়ে তাঁরা সবাই ঘুমিয়ে পড়েন। দুইটার দিকে ১০-১২ জন পুলিশ পরিচয় দিয়ে তাঁর বাড়িতে গিয়ে বলে, আপনার ঘরে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির নেতারা অবস্থান করছেন। তাঁদের গ্রেপ্তার করা হবে। এ সময় তাঁর (গৃহকর্তা) সন্দেহ হলে তিনি চিৎকার করতে থাকেন। একপর্যায়ে ডাকাতেরা দরজা ভেঙে ঘরে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে। এ সময় তাঁকেসহ মেয়ে রুমি ও স্ত্রী লতিফা বেগমকে পিটিয়ে জখম করা হয়। পরে তাঁদের চিৎকারে আশপাশের লোকজন ডাকাতদের ধাওয়া করলে তারা কয়েকটি গুলি ছোড়ে। এ সময় ডাকাতেরা একটি বন্দুকসহ ১৭টি গুলি ও দুটি দা ফেলে পালিয়ে যায়।
তালা থানার ওসি রেজাউল ইসলাম জানান, একটি বন্দুক, ১৭টি গুলি, একটি গুলির খোসা ও দুটি দা উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।