পুলিশ পরিচয়ে ধরে নেওয়া হলো যুবদলের নেতাকে

ঝিনাইদহ পৌর যুবদলের নেতা মিরাজুল ইসলাম ওরফে মির্জাকে (২৬) গত মঙ্গলবার রাতে বাড়ির পাশ থেকে পুলিশ পরিচয়ে চার-পাঁচজন লোক নিয়ে গেছে। গতকাল বুধবার সন্ধ্যা পর্যন্ত তাঁর সন্ধান পাওয়া যায়নি। পুলিশের পক্ষ থেকে তাঁকে আটকের কথা অস্বীকার করা হয়েছে।
মিরাজুল ঝিনাইদহ শহরের কাঞ্চননগর এলাকার জোনাব আলীর ছেলে ও ঝিনাইদহ পৌর যুবদলের সহসভাপতি। মিরাজুলের পরিবারের আশঙ্কা, কথিত ক্রসফায়ারের নাটক সাজিয়ে মিরাজুলকে মেরে ফেলা হতে পারে।
মিরাজুল ইসলামের মা বুলবুলি খাতুন জানান, মঙ্গলবার রাত আটটার দিকে তাঁর ছেলে (মিরাজুল) বাড়ির পাশের একটি ছাত্রাবাসে বসে গল্প করছিলেন। সে সময় একটি সাদা রঙের মাইক্রোবাসে চার-পাঁচজন লোক এসে ছাত্রাবাসে ঢোকে। ওই ব্যক্তিরা নিজেদের পুলিশ পরিচয় দিয়ে তাঁর ছেলেকে তুলে নিয়ে যায়। এর পর থেকে অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে পাওয়া যায়নি। ঝিনাইদহ সদর থানায় যোগাযোগ করলে কিছুই জানে না বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় থানায় তিনি মৌখিকভাবে অভিযোগ দিয়েছেন।
মির্জার বোন চামেলী খাতুন জানান, প্রায় দেড় বছর আগেও তাঁর ভাইকে (মিরাজুল) একইভাবে উঠিয়ে নিয়ে গিয়েছিল পুলিশ। তখন ১৭ দিন পর একটি বোমা হামলা মামলায় গ্রেপ্তার দেখানো হয় তাঁকে। তিনি আরও জানান, সেই সময়ও প্রথমে আটকের কথা অস্বীকার করেছিল পুলিশ।
ঝিনাইদহ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মীর ফজলে এলাহী জানান, মিরাজুল ইসলাম দলের সক্রিয় নেতা হওয়ায় তাঁর বিরুদ্ধে রাজনৈতিক হয়রানিমূলক একাধিক মামলা দেওয়া হয়েছে।
ঝিনাইদহ সদর থানার ওসি বিপ্লব কুমার নাথ বলেন, মিরাজুল নামে কাউকে তাঁরা আটক করেননি। এ বিষয়ে তাঁর কাছে তথ্য নেই।