পুলিশ পরিচয়ে চাঁদা দাবি, না পেয়ে ব্যবসায়ীকে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের আগৈলঝাড়া উপজেলার দাসপট্টি বাজারের এক আসবাবপত্র ব্যবসায়ীর কাছে পুলিশ পরিচয় দিয়ে চাঁদা দাবি করেছেন মুরিহর গ্রামের জাকির হোসেন সরদার (২৮) নামের এক যুবক ও তাঁর সহযোগীরা। চাঁদা পরিশোধ না করায় গত বুধবার রাতে অমল বল্লভ নামের ওই ব্যবসায়ীকে একটি বাড়িতে আটকে রেখে মারধর করা হয়েছে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার আগৈলঝাড়া থানায় অভিযোগ করা হয়েছে।
ব্যবসায়ীর অভিযোগ ও পুলিশ সূত্রে জানা গেছে, দাসপট্টি বাজারে আসবাবপত্রের ব্যবসা করেন একই উপজেলার বারপাইক্কা গ্রামের দুখু বল্লভের ছেলে অমল বল্লভ (৩৫)। গত বুধবার রাত নয়টায় ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ির উদ্দেশে রওনা হলে মুরিহর গ্রামের জাকিরও তাঁর তিন সহযোগী নিজেদের পুলিশ পরিচয় দিয়ে পথরোধ করেন। একপর্যায়ে তাঁর কাছে অবৈধ মালামাল রয়েছে জানিয়ে থানায় নিয়ে যেতে টানাহেঁচড়া করা হয়। পরে অমলের কাছে ১০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। অমল টাকা দিতে অস্বীকৃতি জানালে ওই গ্রামের মনির হোসেনের বাড়ির একটি পরিত্যক্ত ঘরে আটকে রেখে মারধর করা হয়।
অমল অভিযোগ করেন, চাঁদা দিতে অস্বীকার করায় জাকির ও তাঁর সহযোগীরা তাঁকে মারধর করে সঙ্গে থাকা মুঠোফোন রেখে ছেড়ে দেন। এ ঘটনা পুলিশকে জানালে তাঁকে হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়। পরে পথচারীরা তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অভিযোগের ব্যাপারে জানতে জাকিরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। স্থানীয় লোকজন জানান, ঘটনার পর থেকে জাকির গা ঢাকা দিয়েছেন। এ ঘটনায় অমল বাদী হয়ে জাকিরসহ চারজনকে আসামি করে গতকাল আগৈলঝাড়া থানায় অভিযোগ দিয়েছেন। আগৈলঝাড়া থানার ওসি মো. সাজ্জাত হোসেন জানান, তদন্ত করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।