রাজশাহীতে পুলিশ পরিচয়ে ছিনতাই করার সময় হাতেনাতে দুজনকে আটক এবং ঘটনার শিকার কলেজছাত্রকে উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার দুপুর ১২টার দিকে নগরের বিসিক মোড় এলাকায় এ ঘটনা ঘটে। ছিনতাইকারী চক্রের দুই সদস্য হলো নগরের জিন্নানগর এলাকার মো. আরিফ (২৪) এবং একই এলাকার সেন্টু খান রিপন (২৬)। ওই কলেজছাত্রের নাম আসিফ ইকবাল স্মরণ (১৬)। সে রাজশাহী শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র। তার বাবার নাম আবদুর রশিদ। আবদুর রশিদ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ট্রাফিক বিভাগে কর্মরত। আসিফ ইকবাল জানায়, সে দুপুর ১২টার দিকে নগরের উপশহর এলাকার বাসা থেকে কলেজের উদ্দেশে সাইকেল নিয়ে বের হয়। নগরের বিসিক মোড় এলাকায় পৌঁছালে ওই চক্রের কয়েকজন সদস্য তার পথরোধ করে বলে, ‘এখানে বেয়াদবি করছো কেন? তোমাকে বোয়ালিয়া থানায় যেতে হবে। আমরা পুলিশের লোক।’ আসিফ জানায়, তারা তাকে জোর করে একটি মোটরসাইকেলে তুলে নেওয়ার চেষ্টা করে। এ সময় ওই এলাকা দিয়ে পুলিশের একটি টহল পিকআপ যাচ্ছিল। পুলিশের গাড়ি দেখে আসিফ ইশারা করে ডাকে। পুলিশ তাদের দিকে এগিয়ে এলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে।