পুলিশ পরিচয়ে তুলে নিয়ে চার লাখ টাকা ছিনতাই
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় পুলিশ পরিচয়ে তুলে নিয়ে এক পাট ব্যবসায়ীর কাছ থেকে চার লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার পোষ্টকামুরী সেতুর কাছ থেকে তাঁকে তুলে নেওয়া হয়। পরে তাঁকে ঢাকার ধামরাই উপজেলায় কচমচ কারখানার সামনে ফেলে যায় দুর্বৃত্তরা।
ওই ব্যবসায়ীর নাম ফজল মিয়া (৬০)। তাঁর বাড়ি পোষ্টকামুরী গ্রামে। খবর পেয়ে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে নিয়ে আসেন। গতকাল রাত সাড়ে আটটার দিকে এ প্রতিবেদন তৈরি করা পর্যন্ত এ ঘটনায় মির্জাপুর থানায় মামলার প্রক্রিয়া চলছিল।
ফজলের ছোট ভাই নুরু মিয়া বলেন, গতকাল বেলা ১১টার দিকে সোনালী ব্যাংকের মির্জাপুর শাখা থেকে তাঁর ভাই ফজল মিয়া চার লাখ টাকা তোলেন। এই টাকা নিয়ে তিনি পাট কেনার জন্য টাঙ্গাইলের ভুয়াপুর যাওয়ার জন্য মির্জাপুর পুরোনো বাসস্টেশন থেকে গাজীপুর-টাঙ্গাইল সড়কে চলাচলকারী যাত্রীবাহী বাসে ওঠেন। বাসটি পোষ্টকামুরী সেতুর কাছে পৌঁছালে একটি মাইক্রোবাস মহাসড়কের ওপর আড়াআড়িভাবে রেখে বাসের গতি রোধ করা হয়। সেখানে গায়ে সাদাপোশাকের ওপরে পুলিশ লেখা প্রতিফলক বেল্ট পরা তিন ব্যক্তি বাসে উঠে নিজেদের পুলিশের লোক বলে পরিচয় দেন। তাঁরা ফজল মিয়ার নামে থানায় মামলা আছে বলে হাতকড়া পরিয়ে বাস থেকে নামিয়ে মাইক্রোবাসে তোলেন। পরে তাঁরা ফজলের চোখ বেঁধে লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে তাঁর কাছে থাকা চার লাখ টাকা ছিনিয়ে নিয়ে ঢাকা-আরিচা সড়কে ধামরাইয়ের কচমচ কারখানার সামনে ফেলে রেখে যান।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।