পুলিশ পরিচয়ে তুলে নিয়ে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃহস্পতিবার মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের মধ্যচর এলাকা থেকে উদ্ধার হওয়া দুই ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন উপজেলার ব্রাহ্মন্দী গ্রামের শাহ আলম (৫০) ও পূর্ব টুবিয়া গ্রামের আবু বকর হাওলাদার (৬০)। তাঁরা একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন।

নিহত ওই দুজনের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, পুলিশ পরিচয় দিয়ে সাদাপোশাকের লোকজন গত মঙ্গলবার রাতে ঢাকার উত্তরা থেকে তাঁদের তুলে নিয়ে হত্যা করেছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, গত বছরের ৩১ আগস্ট মাদারীপুর সদর উপজেলার মাদ্রা এলাকায় আজিজুল চৌকিদার নামের এক ব্যক্তিকে হত্যা করে সন্ত্রাসীরা। নিহত দুজন ওই হত্যা মামলার আসামি ছিলেন। অবশ্য তাঁদের পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, মিথ্যা হত্যা মামলা দায়ের হওয়ার পর তাঁরা দুজন ঢাকায় পালিয়ে আসেন এবং উত্তরায় নির্মাণশ্রমিক হিসেবে কাজ করতেন।

নিহত আবু বকরের শ্যালক ইলিয়াস হোসেন অভিযোগ করেন, হত্যা মামলার তদন্ত কর্মকর্তা মাদারীপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন সাদাপোশাকে ওই দুজনকে তুলে নিয়ে যান বলে থানার পুলিশ সদস্যদের কাছ থেকে জানতে পেরেছেন।

আবু বকরের ছেলে মাঈনদ্দিন হাওলাদার তাঁর বাবার সহকর্মীদের বরাতে বলেন, মঙ্গলবার রাতে রাজধানীর উত্তরায় শাহ আলমের বাসায় যায় কয়েকজন। এরপর মুঠোফোনে আবু বকরকে সেখানে ডেকে নেওয়া হয়। পরে তারা সাদাপোশাকের পুলিশ পরিচয় দিয়ে দুজনকে তুলে নিয়ে যায়। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঢাকার বিভিন্ন থানা ও মাদারীপুর সদর থানায় খোঁজ নেন। কিন্তু ওই দুজনের কোনো হদিস পাওয়া যায়নি।

বৃহস্পতিবার দুপুরে তাঁরা খোয়াজপুর ইউনিয়নের মধ্যচর এলাকায় দুটি লাশ উদ্ধারের খবর পেয়ে সেখানে গিয়ে নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্ত করেন।

শাহ আলমের মেয়ে জিয়াসমিন আক্তার বলেন, তাঁর বাবার কোনো অপরাধ ছিল না। খুনের মামলায় তাঁকে ষড়যন্ত্রমূলকভাবে জড়ানো হয়েছিল। তাঁরা জেনেছেন, মঙ্গলবার পুলিশ পরিচয়ে তাঁকে তুলে আনা হয়।

অপহৃত ব্যক্তিদের মরদেহ মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কের পাশে একটি সরিষাখেতের মধ্যে পড়ে ছিল। একপাশে মধ্যচর গ্রাম ও অপর পাশে চরগোবিন্দপুর গ্রাম। স্থানীয় লোকজন বলেন, গত বুধবার রাতে তাঁরা কয়েকটি গুলির শব্দ শুনেছিলেন। এসকান্দার মিয়া (৬০) নামের এক গ্রামবাসী বলেন, ‘বুধবার রাত তিনটার দিকে বিকট কয়েকটি আওয়াজ পাই। মনে হয়েছে বোমা বা গুলির শব্দের মতন।’

শুক্রবার মাদারীপুর সদর হাসপাতালে নিহতদের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। আঘাতের ধরন দেখে চিকিৎসকদের সন্দেহ, মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। মাদারীপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক শশাঙ্ক চন্দ্র ঘোষ বলেন, নিহত ব্যক্তিদের মাথায় বড় ধরনের আঘাতের চিহ্ন ছিল। 

মাদারীপুর সদর থানার ওসি জিয়াউল মোর্শেদ বলেন, পুলিশের বিরুদ্ধে তুলে নিয়ে হত্যার যে অভিযোগ করা হচ্ছে, তা সঠিক নয়। নিহত ব্যক্তিদের খোঁজ করার জন্য কেউ থানায়ও আসেনি।

অভিযোগ সম্পর্কে জানতে এসআই মোবারক হোসেনের মুঠোফোনে ফোন করা হলেও তিনি ধরেননি।