পুলিশ পরিচয়ে ধরে নেওয়ার চার দিন পর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশ পরিচয়ে জামাতা ও শ্বশুরকে উঠিয়ে নেওয়ার চার দিন পর শ্বশুরের গুলিবিদ্ধ লাশ উদ্ধার হয়েছে। জামাই নিখোঁজ রয়েছেন।
শ্বশুর ঝিনাইদহ সদর উপজেলার পোড়াবেতাই গ্রামের মো. ঠান্ডু মণ্ডল (৫৫), আর জামাতা জেলার কালীগঞ্জ উপজেলার মোল্লাকুয়া গ্রামের মুক্তার আলীর ছেলে আক্তার আলী (৩৫)।
৩০ জুন রাতে মোল্লাকুয়া গ্রামে জামাতার বাড়ি থেকে শ্বশুর ও জামাইকে পুলিশ পরিচয়ে কে বা কারা উঠিয়ে নিয়ে যায়। ৩ জুলাই (গত বৃহস্পতিবার) রাতে কালীগঞ্জ উপজেলার পাশের মাগুরা জেলার শালিখা থানাধীন ভোলাদা গ্রামের মাঠ থেকে হাত-মুখ বাঁধা ঠান্ডু মণ্ডলের লাশ উদ্ধার করে শালিখা থানার পুলিশ।
নিখোঁজ আক্তার আলীর ভাই আসলাম আলী জানান, ৩০ জুন রাত সাড়ে আটটার দিকে একটি সাদা মাইক্রোবাসে সাত থেকে আটজন পুলিশ সাদা পোশাকে তাঁদের বাড়িতে আসে। তারা পুলিশের লোক পরিচয় দিয়ে ঘরে থাকা ভাইয়ের শ্বশুর ঠান্ডু মণ্ডলকে আটক করে। এরপর তাঁর (আসলাম) ভাই আক্তার আলীকেও ধরে নিয়ে যায় তারা। ঠান্ডু মণ্ডল ইতিপূর্বে চরমপন্থী সংগঠন বিপ্লবী কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত ছিলেন। পরে তিনি স্বাভাবিক জীবন যাপন করতেন। তারপরও এলাকায় নানা সমস্যায় জামাতা আক্তার আলীর বাড়িতে প্রায় সাত বছর ধরে বসবাস করছিলেন।
আসলাম আলী আরও জানান, ঘটনার পরদিন থেকে তাঁরা পুলিশের বিভিন্ন দপ্তরে খোঁজ করে তাঁদের কোনো সন্ধান পাননি। ধারণা ছিল, কালীগঞ্জ থানার পুলিশ জামাতা-শ্বশুরকে উঠিয়ে নিয়ে গেছে। কিন্তু পুলিশ তা অস্বীকার করেছে। গতকাল শুক্রবার সকালে খবর পান মাগুরার শালিখা উপজেলার পিয়ারপুর-কুশখালী সড়কের পাশে ভোলাদা মাঠে ঠান্ডু মণ্ডলের লাশ পাওয়া গেছে। জামাতা আক্তার আলীর সন্ধান এখনো মেলেনি। আসলাম অভিযোগ করেন, পুলিশ তাঁকে ক্রসফায়ারে দিয়ে হত্যা করেছে। তাঁরা খবর পেয়ে লাশ দেখতে যান। মাগুরা সদর হাসপাতালে ময়নাতদন্তের পর লাশ গ্রামের বাড়ি নেওয়া হয়েছে।
মাগুরার শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ মো. ফকরুল আলম খান প্রথম আলোকে জানিয়েছেন, লাশের মুখ কাপড় আর হাত রশি দিয়ে বাঁধা ছিল। কানের ওপরে একটি গুলির চিহ্ন রয়েছে। গুলিটি অন্য পাশ দিয়ে বেরিয়ে গেছে।
নিখোঁজ ব্যক্তির ভাই আসলাম আলী জানান, তাঁর ভাই আক্তার আলী কৃষিকাজ করে সংসার চালান। তাঁকে আটকে রাখা হয়েছে। আক্তারকেও হত্যা করা হতে পারে বলে তাঁরা আশঙ্কা করছেন।
আসলাম আলী জানান, আক্তার আলীর স্ত্রী ও দুই সন্তান রয়েছে। তাঁর বৃদ্ধ মা ফুলিয়া বেগম কান্নাজড়িত কণ্ঠে ছেলেকে ফেরতের দাবি করেছেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, তাঁদের দুজনকে ধরে নিয়ে যাওয়ার বিষয়ে কিছুই জানা নেই। ঠান্ডু চরমপন্থী দলের সঙ্গে যুক্ত ছিলেন। তবে মুক্তার সম্পর্কে তাঁর কোনো তথ্য জানা নেই বলে জানান।