পুলিশ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ২
ফেনীতে পুলিশ কর্মকর্তা পরিচয়ে প্রতারণা ও অপহরণ করে টাকা আদায়ের অভিযোগে গত রোববার রাতে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
অপহরণের অভিযোগে ওই দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল সোমবার তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
গ্রেপ্তার মঞ্জুরুল আলম বাবু (২৫) নিজেকে পুলিশের ওসি এবং এমদাদুল হক (২৫) নিজেকে দারোগা পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিলেন। মঞ্জুরুলের বাড়ি শহরের নাজির রোডে। এমদাদুলের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামের চিওড়া ভুঁঞা বাড়ি।
পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের সদস্য নুরুল ইসলাম বলেন, গত রোববার তিনি ফেনী শহরে আসেন। শহরের গুদাম কোয়ার্টার রেলগেট এলাকায় এক ব্যক্তি পুলিশের ওসি এবং আরেক ব্যক্তি দারোগা পরিচয় দিয়ে তাঁকে থামান। এরপর তাঁর চোখ বেঁধে একটি সাততলা বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে আরও চার-পাঁচজন মিলে তাঁকে ওই বাড়ির একটি কক্ষে নিয়ে খুঁটির সঙ্গে বেঁধে মারধর করে ৫০ হাজার টাকা দাবি করেন। টাকা না দিলে তাঁকে ফেনসিডিল দিয়ে কোর্টে চালান দেওয়ার হুমকি দেন ওই ব্যক্তিরা। পরে তাঁরা এক নারীকে সেখানে নিয়ে আসেন এবং তাঁকে উলঙ্গ করে ওই নারীর কাঁধে হাত রেখে ছবি তোলেন। এরপর তাঁর স্ত্রীর কাছে মুঠোফোনে টাকা দাবি করেন।
নুরুল ইসলামের স্ত্রী বকুল আক্তার জানান, গত রোববার রাত ১০টার দিকে টাকা লেনদেনের সময় পুলিশ দুই প্রতারককে আটক করে।