পুলিশ পরিচয়ে প্রবাসীকে অপহরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশ পরিচয় দিয়ে চার ব্যক্তি রিপন শিকদার (৩৫) নামের এক মালয়েশিয়াপ্রবাসীকে রাজধানী থেকে অপহরণ করে মুন্সিগঞ্জে আটকে রেখে তাঁর স্বজনদের কাছ থেকে বিকাশের মাধ্যমে মুক্তিপণ নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। অপহরণকারীদের কাছ থেকে ছাড়া পেয়ে ওই প্রবাসী রিপন গত বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অপহৃত রিপন শিকদার প্রথম আলোকে বলেন, তিনি মালয়েশিয়াপ্রবাসী। সেখান থেকে ২৪ এপ্রিল দেশে ফেরেন। ১৭ মে তাঁর ছোট ভাই শিমুলের মালয়েশিয়ায় যাওয়ার কথা ছিল। এ কারণে তিনি শিমুলকে নিয়ে গত মঙ্গলবার ফকিরাপুলে আল আমিন আবাসিক হোটেলের একটি কক্ষে ওঠেন। গত বুধবার বিকেল
চারটার দিকে সাদা পোশাকে চার ব্যক্তি এসে নিজেদের পুলিশ পরিচয় দিয়ে তাঁদের সঙ্গে যেতে বলেন। এ সময় হোটেলের কক্ষে শিমুল ছিলেন না।
রিপন শিকদার বলেন, পুলিশ পরিচয়দানকারীরা প্রথমে তাঁকে যাত্রাবাড়ীতে নিয়ে যান। সেখান থেকে বুধবার সন্ধ্যার পর তাঁকে মুন্সিগঞ্জের পুরাতন আদালতপাড়ার কাছে একটি বাসায় আটকে রেখে মারধর করেন। এ সময় পুলিশ পরিচয়দানকারীরা তাঁর কাছে থাকা ৩০ হাজার টাকা ও ১০০ মার্কিন ডলার ছিনিয়ে নেন। পরে রিপন শিকদারকে দিয়ে তাঁর স্বজনদের ফোন করিয়ে বিকাশের মাধ্যমে তাঁদের কাছ থেকে ৭০ হাজার টাকা নেন। এরপর গতকাল সকালে সেখান থেকে অপহরণকারীরা চলে গেলে তিনি মুক্তি পান। রিপন শিকদার বলেন, অপহরণকারীদের তিনি চেনেন না। তাঁর সঙ্গে কারও কোনো শত্রুতা নেই।
গতকাল রাতে যোগাযোগ করা হলে মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল হালিম প্রথম আলোকে বলেন, এ নিয়ে কেউ কোনো অভিযোগ দেননি।