পুলিশ পরিচয়ে প্রবাসীকে অপহরণ, মুক্তিপণ আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশ পরিচয় দিয়ে চার ব্যক্তি রিপন শিকদারকে (৩৫) নামের এক মালয়েশিয়া প্রবাসীকে রাজধানী থেকে অপহরণ করে মুন্সিগঞ্জে আটকে রেখে স্বজনদের কাছ থেকে মুক্তিপণ নিয়েছে বলে অভিযোগ উঠেছে। অপহরণকারীদের কাছ থেকে ছাড়া পেয়ে রিপন আজ বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, বিষয়টি নিয়ে রিপনের সঙ্গে কথা বলতে পুলিশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গেছে।
হাসপাতালে চিকিৎ​সাধীন রিপন শিকদার প্রথম আলোকে বলেন, তিনি মালয়েশিয়া প্রবাসী। গত ২৪ এপ্রিল দেশে ফেরেন। ১৭ মে তাঁর ছোট ভাই শিমুলের মালয়েশিয়ায় যাওয়ার কথা ছিল। এ কারণে তিনি শিমুলকে নিয়ে গত মঙ্গলবার ফকিরাপুলে আল আমিন নামের একটি আবাসিক হোটেলের ৪২৫ নম্বর কক্ষে ওঠেন। বুধবার বিকেল চারটার দিকে সাদা পোশাকে চার ব্যক্তি হোটেলে গিয়ে নিজেদের পুলিশ পরিচয় দিয়ে তাঁদের সঙ্গে যেতে বলেন। এ সময় হোটেল কক্ষে শিমুল ছিলেন না।
রিপন শিকদার বলেন, পুলিশ পরিচয়দানকারীরা প্রথমে তাঁকে যাত্রাবাড়ীতে নিয়ে যায়। সেখান থেকে বুধবার সন্ধ্যার পর তাঁকে মুন্সিগঞ্জের পুরোনো আদালত পাড়ার কাছে একটি বাসায় আটকে রেখে তাঁকে মারধর করে। এ সময় পুলিশ পরিচয়দানকারীরা তাঁর কাছে থাকা ৩০ হাজার টাকা ও ১০০ মার্কিন ডলার ছিনিয়ে নেয়। পরে রিপন শিকদারকে দিয়ে তাঁর স্বজনদের ফোন করিয়ে বিকাশের মাধ্যমে ৭০ হাজার টাকা নেন তারা। এরপর বৃহস্পতিবার সকালে পুলিশ পরিচয়দানকারী ব্যক্তিরা চলে যান। পরে তিনি সেখান থেকে আহত অবস্থায় ঢাকায় আসেন এবং রাতে হাসপাতালে ভর্তি হন।
রিপন শিকদার বলেন, অপহরণকারীদের তিনি চেনেন না। তাঁর সঙ্গে কারও কোনো শত্রুতা নেই।
এ ব্যাপারে জানতে যোগাযোগ করা হলে মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল হালিম প্রথম আলোকে বলেন, ঘটনার বিষয়ে পুলিশ অবগত নয়।