পুলিশ পরিচয়ে বাসায় ঢুকে পোশাককর্মীকে ধর্ষণের অভিযোগ
পুলিশ পরিচয়ে বাসায় ঢুকে চট্টগ্রামে এক পোশাককর্মীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত শনিবার রাতে নগরের লালখানবাজারের বাঘঘোনা এলাকায় এই ঘটনা ঘটে। গতকাল রোববার দুপুরে ওই পোশাককর্মী ধর্ষণের অভিযোগে থানায় মামলা করেছেন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন প্রথম আলোকে বলেন, বাঘঘোনা এলাকার একটি কলোনিতে এক কক্ষের একটি ঘরে ওই তরুণী একা থাকেন। গতকাল দুপুরে তিনি থানায় এসে অভিযোগ করেন, রাতে পুলিশ পরিচয়ে তিন ব্যক্তি তার বাসায় ঢোকে। তারা বাসা থেকে টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায় এবং তাঁকে ধর্ষণ করে।
ওসি বলেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে যায়। তবে আশপাশের লোকজন এ বিষয়ে কিছুই জানে না পুলিশকে জানায়। পরে পুলিশ অভিযান চালিয়ে ওই এলাকা থেকে মো. মনির নামের এক যুবককে আটক করে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য কাল (আজ) সোমবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।