
পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার পর থেকে নিখোঁজ স্কুলশিক্ষক মিনারুল ইসলামকে ফিরিয়ে দেওয়ার আকুতি জানিয়েছে তাঁর পরিবার। গতকাল বুধবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে শিক্ষকের পরিবার এ আকুতি জানায়।
নিখোঁজ মিনারুল ঝিনাইদহ সদর উপজেলার খামারাইল গ্রামের বাসিন্দা। তিনি ঝিনাইদহ লিড ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক। গত ৩০ জুলাই দিবাগত রাত তিনটার দিকে ঝিনাইদহ শহরের হামদহ খন্দকারপাড়া থেকে পুলিশের পরিচয়ে তাঁকে তুলে নিয়ে যাওয়া হয়।
সংবাদ সম্মেলনে মিনারুলের স্ত্রী মেহেরুন নেছা, মা সুফিয়া খাতুন, শাশুড়ি সেলিনা খাতুন, ভাই রোকনুজ্জামান, বড় বোন লিপি খাতুনসহ খামারাইল গ্রামের অর্ধশত নারী-পুরুষ উপস্থিত ছিলেন। সেখানে লিখিত বক্তব্য পড়েন মেহেরুন নেছা। এ সময় উপস্থিত সবাই কান্নায় ভেঙে পড়েন।
মেহেরুন নেছা লিখিত বক্তব্যে বলেন, ‘৩০ জুলাই রাতে আমাদের ভাড়া বাসায় পুলিশ পরিচয়ে ১৫ থেকে ২০ লোক আসেন। তাঁরা ঘরের ভেতরে ঢুকে মিনারুলকে বাইরে আসতে বলেন। এরপর তাঁরা ঘরে থাকা আলমারি থেকে বিসিএস পরীক্ষা দেওয়ার জন্য সংগ্রহ করা একটি গাইড বই নিয়ে যান। ওই লোকজনের কোমরে পিস্তল ও ওয়্যারলেস সেট ছিল। তাঁদের বেশির ভাগ সাদা পোশাকে থাকলেও তিন-চারজনের পরনে পুলিশের পোশাক ছিল। তাঁরা মিনারুলকে গাড়িতে উঠিয়ে শহরের দিকে চলে যান। তিন দিন পার হলেও তাঁর সন্ধান পাওয়া যাচ্ছে না।’
সংবাদ সম্মেলনে বলা হয়, ওই ঘটনার পর থেকে বিভিন্নভাবে মিনারুলকে খোঁজা হচ্ছে। থানায় গেলে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, তারা মিনারুল ইসলাম নামের কাউকে আটক করেনি। থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলেও নেওয়া হচ্ছে না। পরিবারের সদস্যদের আশঙ্কা মিনারুলকে ‘কথিত ক্রসফায়ারে’ হত্যা করা হতে পারে। অথবা তাঁর লাশ গুম করে ফেলা হতে পারে। মিনারুলের সাড়ে ৪ বছরের সন্তান বাবার জন্য সারাক্ষণ কান্নাকাটি করছে। মিনারুলকে জীবিত ফিরিয়ে দেওয়ার দাবি জানান তাঁরা।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ বলেন, পুলিশ ওই নামে কাউকে আটক করেনি। এ বিষয়ে তাঁরাও খোঁজখবর নিচ্ছেন। মিনারুল ইসলামের পরিবারকে জিডি করতে বলা হয়েছে।