পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোলাম মোস্তফা
গোলাম মোস্তফা

কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নে গোলাম মোস্তফা নামের (৫০) এক ব্যবসায়ীকে পুলিশ পরিচয়ে অপহরণের অভিযোগ উঠেছে। গতকাল শনিবার উপজেলার আমলা বাজারে এ ঘটনা ঘটে।
গোলাম মোস্তফার বাড়ি দৌলতপুর উপজেলার খলিশাকুন্ডি ইউনিয়নের গাছের দাইড় গ্রামে। তিনি আমলা বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি। এই বাজারে তাঁর কাঁচামালের আড়ত রয়েছে।
গোলাম মোস্তফার ভাতিজা রুবেল মালিথা গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে মুঠোফোনে বলেন, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে তাঁর ছোট চাচা (গোলাম মোস্তফা) আমলা বাজারে ওষুধ কিনতে যান। দুপুর ১২টার দিকে আমলা বাজার থেকে দুই ব্যক্তি পুলিশ পরিচয় দিয়ে অস্ত্রের মুখে তাঁকে মোটরসাইকেলে করে তুলে নিয়ে যায়। তাদের পরনে পুলিশের পোশাক ছিল না। খবর পেয়ে তিনিসহ পরিবারের অন্য সদস্যরা মিরপুর থানা ও পুলিশ লাইনসে যোগাযোগ করেন। কিন্তু পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, তাঁদের কেউ তাঁকে ধরেননি।

রুবেল মালিথা আরও বলেন, গোলাম মোস্তফার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। সব মামলায় তিনি জামিনে মুক্তি পেয়েছেন।

সন্ধ্যা ছয়টার দিকে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দীনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এ বিষয়ে খোঁজ নিচ্ছি। কারা কীভাবে, গোলাম মোস্তফাকে তুলে নিয়ে গেল—একটু দেখে নিই।’