পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর টাকা ছিনতাই

রাজধানীর বংশালে পুলিশ পরিচয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে বিল্লাল হোসেন (২৩) নামের এক ব্যবসায়ীর এক লাখ টাকা ছিনতাই করা হয়েছে। মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে। ছিনতাইকারীদের মারধরে আহত বিল্লালকে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিল্লাল হোসেনের বাবা দলিল উদ্দিন জানান, তাঁদের বাসা যাত্রাবাড়ীতে। বেলা সোয়া তিনটার দিকে উত্তরা ব্যাংকের বংশালের নয়াবাজার শাখা থেকে এক লাখ টাকা তোলেন বিল্লাল হোসেন (২৩)। যানজট থাকায় বিল্লাল টাকা নিয়ে হেঁটে যাচ্ছিলেন। বংশাল থানার কাছাকাছি পৌঁছালে একটি মাইক্রোবাস বিল্লালের কাছে এসে থামে। বিল্লালের নামে ওয়ারেন্ট আছে জানিয়ে কয়েকজন তাঁকে মাইক্রোবাসে তুলে নেয়। তারা বিল্লালের ঘাড় নিচের দিকে চেপে ধরে মারধর করে এবং ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে।
দলিল উদ্দিন আরও জানান, সন্ধ্যার পর লালবাগ সেকশন বেড়িবাঁধ এলাকায় বিল্লালকে ফেলে মাইক্রোবাসটি চলে যায়। পরে ওই এলাকার লোকজন বিল্লালের পকেটে থাকা কার্ড দেখে তাঁর বাবাকে (দলিল উদ্দিন) ফোন দেন। এরপর দলিল উদ্দিন গিয়ে বিল্লালকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে নেওয়ার পথে বিল্লালের কাছ থেকে তিনি ঘটনাটি জানতে পারেন।