পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, গুলিতে গৃহবধূ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের রংমহল এলাকায় পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে ঢুকে ডাকাতি করেছে সশস্ত্র ডাকাত দল। ওই সময় ডাকাতের ছোড়া গুলিতে শারমিন আকতার ওরফে নিলুফা (২৬) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন।
গত বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে। এদিকে ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে মো. আয়াতুল্লাহ (৪০) নামের এক ডাকাতকে গ্রেপ্তার করেছে।
স্থানীয় লোকজন ও পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে ২০-২৫ জন ডাকাত পুলিশ পরিচয় দিয়ে রংমহল এলাকার সিরাজুল ইসলাম সওদাগরের বাড়ির লোকজনকে প্রধান ফটক খুলতে বলে। ওই সময় ফটক খুলতে সিরাজুল ইসলামের স্ত্রী শারমিন আকতার এগিয়ে এলে তিনি দেখতে পান, একদল সশস্ত্র ডাকাত বাড়ির প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে আছে। তখন গৃহবধূ শারমিন ডাকাত ডাকাত বলে চিৎকার দেন। ওই সময় শারমিন আকতারকে লক্ষ করে গুলি ছোড়ে ডাকাত দল। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। সেখানেই তাঁর মৃত্যু হয়।
শারমিন আকতারের দেবর জয়নাল আবেদিন ওরফে ভুট্টো (৩০) বলেন, শারমিন গুলিবিদ্ধ হওয়ার পর ডাকাত দল প্রধান ফটকের তালা ভেঙে ভেতরে ঢুকে তাঁর ভাই সিরাজুল ইসলামকে এলোপাতাড়ি মারতে থাকে। একপর্যায়ে ডাকাত দল আলমারি ভেঙে সাত ভরি স্বর্ণ, ১২ হাজার টাকা ও চারটি মুঠোফোন নিয়ে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ও পুলিশ এসে গ্রামটির চারপাশ ঘিরে ফেলে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ডাকাতের স্বীকারোক্তিমতে, পুলিশ গতকাল শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডুলাহাজারা ইউনিয়নের পাহাড়ি এলাকায় অভিযান চালানো হয়। কিন্তু কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
এদিকে বিকেল চারটার দিকে কক্সবাজারের পুলিশ সুপার মো. আজাদ মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমদ, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল-চকরিয়া) মো. মাসুদ আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রভাষ চন্দ্র ধর প্রথম আলোকে বলেন, ঘটনার পরপরই রংমহল ও আশপাশের এলাকা পুলিশ চারদিক থেকে ঘিরে ফেলে। ওই সময় নোয়াপাড়া সড়কের ওপর থেকে ওই এলাকার হাবিবুর রহমানের ছেলে ডাকাত মো. আয়াতুল্লাহকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আয়াতুল্লাহ ডাকাতির কথা স্বীকার করেছে এবং গুলি করার কথাও বলেছে।
ওসি আরও বলেন, গৃহবধূ শারমিনের লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।