পুলিশ পরিচয়ে সাবেক কর্মকর্তার বাড়িতে ডাকাতি!
ঝালকাঠির রাজাপুর উপজেলার চাড়াখালী গ্রামে পুলিশ পরিচয়ে সাবেক এক পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দলের সদস্যরা টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নেয়। গত সোমবার গভীর রাতে এই ডাকাতির ঘটনা ঘটে।
গৃহকর্তা ও পুলিশের অবসরপ্রাপ্ত সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহজাহান তালুকদার বলেন, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে সাতজনের একটি মুখোশধারী ডাকাত দল জানালার গ্রিল কেটে তাঁর বসতঘরে ঢুকে পড়ে। এরপর ডাকাতেরা ঘরের ভেতরের দরজা ভেঙে নিজেদের পুলিশ পরিচয় দিয়ে ঘর তল্লাশি করতে থাকে। কিছুক্ষণ পর গৃহকর্তা বিষয়টি আঁচ করতে পেরে তাদের বাধা দেন। এ সময় গৃহকর্তা শাহজাহানসহ পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের একটি কক্ষে আটকে রাখা হয়। এরপর তারা ঘরে থাকা ৮০ হাজার টাকা, ১০ ভরি স্বর্ণালংকারসহ মালামাল লুট করে।
রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) হারুন অর রশিদ গতকাল মঙ্গলবার বলেন, ‘ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।’