মেডিকেল কলেজের ছাত্রীর আপত্তিকর ছবি ছড়ানোর মামলায় কুষ্টিয়ায় ট্রাফিক পুলিশের এক পরিদর্শককে গতকাল বৃহস্পতিবার কারাগারে পাঠিয়েছেন আদালত। আগের দিন বুধবার স্কুলছাত্রীর আপত্তিকর ভিডিও চিত্র ছড়ানোর অভিযোগে মেহেরপুরের গাংনীতে এক দোকানিকে পুলিশ গ্রেপ্তার করেছে।
কুষ্টিয়ায় কারাগারে পাঠানো ব্যক্তির নাম মমিনুল ইসলাম (৪৮)। তিনি ট্রাফিক পুলিশের পরিদর্শক হিসেবে চাঁপাইনবাবগঞ্জে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি সাময়িক বরখাস্ত। তাঁর বাড়ি পাবনা সদর উপজেলার নাজিরপুর গ্রামে।
গাংনীতে গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম শামীম রেজা (২৬)। তাঁর বাড়ি কাথুলী গ্রামে। কাথুলী বাজারে মোবাইল হাউস নামে তাঁর একটি দোকান রয়েছে।
কুষ্টিয়া থানা-পুলিশ ও এজাহারের বিবরণ অনুযায়ী, মমিনুল ইসলাম ওই মেডিকেল কলেজছাত্রীর দূরসম্পর্কের চাচা হন। তিনি ২০১২ সালের ৬ জুন মেয়েটিকে কলেজের হোস্টেল থেকে ডেকে নিয়ে কুষ্টিয়া শহরের একটি রেস্তোরাঁয় খেতে যান। সেখানে কোমল পানীয়র সঙ্গে চেতনানাশক মিশিয়ে খাইয়ে আবাসিক হোটেলে নিয়ে মেয়েটির আপত্তিকর ছবি তোলেন ও ভিডিও চিত্র ধারণ করেন। পরে ওই সব ছবি দেখিয়ে মেয়েটিকে জিম্মি করে ভয়ভীতি দেখানো হয়। এ বছরের শুরুতে বিয়ে হলে মমিনুল ওই ছবি মেয়েটির স্বামী, তাঁর পরিবারের সদস্য ও বন্ধুদের মুঠোফোনে পাঠান। এরপর মেয়েটিকে তাঁর স্বামী তালাকের নোটিশ পাঠান। এ ঘটনায় মেয়েটি গত ১৯ এপ্রিল কুষ্টিয়া মডেল থানায় মামলা করেন। এটি তদন্ত করেন কুষ্টিয়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) রবিউল ইসলাম। গত ২৯ অক্টোবর তিনি মমিনুলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। মামলা হওয়ার পর থেকে মমিনুল উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন।
আদালত পুলিশের পরিদর্শক রতন শেখ বলেন, গতকাল সকালে আসামি মমিনুল ইসলাম কুষ্টিয়ার মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। বিচারক মোস্তাফিজুর রহমান জামিন নামঞ্জুর করে মমিনুলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গাংনী থানা-পুলিশ সূত্র জানায়, কয়েক দিন আগে কয়েকজন তরুণ স্কুলপড়ুয়া ওই ছাত্রীর আপত্তিকর ভিডিও চিত্র ধারণ করেন। পরে তা শামীম রেজার দোকানের কম্পিউটার থেকে মুঠোফোনে ছড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় বুধবার রাতে শামীমসহ চার তরুণকে আসামি করে থানায় মামলা করেন ওই ছাত্রীর বাবা। রাতেই পুলিশ দোকান থেকে শামীমকে গ্রেপ্তার করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা গাংনী থানার উপরিদর্শক (এসআই) শংকর কুমার ঘোষ বলেন, শামীম পুলিশের কাছে অপরাধ স্বীকার করেছেন। গতকাল তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের ধরার চেষ্টা চলছে।