পুলিশ পাহারায় চিকিৎসা, ফোন ব্যবহার আসামির

তিনি হত্যা, ডাকাতিসহ ১৩ মামলার আসামি। ডাকাতির প্রস্তুতির সময় পুলিশের সঙ্গে গোলাগুলিতে তাঁর পায়ে গুলি লাগে। গ্রেপ্তারের পর ভর্তি করা হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। পুলিশের পাহারায় চিকিৎসা চলছে। কিন্তু এ অবস্থাতেই তিনি মুঠোফোন ব্যবহার করছেন।
এই আসামির নাম কানু ওরফে সোনাদ্দী ওরফে কান্ডু মিয়া (২৬)। বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আড়গাড়াহাট পলাশবাড়ি এলাকায়।
হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডের ১০৩ নম্বর কক্ষের ৫৫ নম্বর শয্যায় চিকিৎসাধীন কান্ডু মিয়া। গত শনিবার রাতে নওগাঁর নিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতির সময় তিনি পুলিশের গুলিতে আহত হন। এ ঘটনায় নিয়ামতপুর থানায় মামলা হয়েছে।
হাসপাতালের বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, পুলিশ পাহারায় চিকিৎসা চললেও প্রায়ই মুঠোফোনে কথা বলেন কান্ডু মিয়া। গতকাল শুক্রবার বেলা ১১টায়ও তিনি মুঠোফোনে কথা বলেন। সে সময় তাঁকে পাহারা দেওয়ার দায়িত্বে নিয়োজিত রাজপাড়া থানার পুলিশ সদস্য মাহমুদুল ইসলাম ওয়ার্ডের সামনে নার্সেস ডিউটি চেম্বারে বসে খবরের কাগজ পড়ছিলেন। আরেক পুলিশ সদস্য আবদুল কাইয়ুম কথা বলছিলেন মুঠোফোনে।
এই প্রতিবেদক সরেজমিনে বিকেল পাঁচটার দিকে দায়িত্বরত দুই পুলিশ সদস্যের সঙ্গে কথা বলেন। তাঁরা বলেন, ঘটনার সময় তাঁরা কক্ষের বাইরে ছিলেন। তাঁদের অগোচরে মুঠোফোনে কথা বলছিলেন কান্ডু মিয়া। তাঁরা দেখে ফোনটি কেড়ে নিয়ে তাঁর স্ত্রীর হাতে দেন। পরে ভেতরে গিয়ে কান্ডু মিয়ার বালিশের নিচে মুঠোফোন পাওয়া যায়। তাঁর স্ত্রী ববি খাতুনের দাবি, এটা তাঁর বাবার ফোন। তিনি ব্যবহার করার জন্য এনেছেন। তাঁর স্বামীর নয়।
জানতে চাইলে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র জ্যেষ্ঠ সহকারী কমিশনার ইফতে খায়ের আলম বলেন, পুলিশ হেফাজতে কোনো আসামিই মুঠোফোনে কথা বলতে পারেন না। তবে হাসপাতালের বিষয়টি তিনি জানেন না। এ ব্যাপারে খোঁজ নেওয়া হবে। দায়িত্বরত পুলিশ সদস্যরা এ ধরনের ঘটনায় সম্পৃক্ত থাকলে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
নিয়ামতপুর থানা-পুলিশ সূত্র জানায়, শনিবার রাত ১১টার দিকে নওগাঁর নিয়ামতপুর উপজেলার চান্দইল ইটভাটার কাছে পুলিশের সঙ্গে ডাকাত দলের গুলিবিনিময় হয়। এ সময় ডাকাত কান্ডু মিয়া ও একজন উপপরিদর্শক (এসআই) আহত হন। ঘটনাস্থল থেকে দুই ডাকাতকে আটক করা হয়। জব্দ করা হয় ডাকাতির নানা সরঞ্জাম।
নিয়ামতপুর থানার ওসি রফিকুল ইসলাম খান বলেন, কান্ডু মিয়ার নামে রাজশাহী, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ জেলার সাতটি থানায় হত্যা, ডাকাতি ও বিস্ফোরক আইনে ১৩টি মামলা রয়েছে।