পুলিশ ফাঁড়িতে ডেকে নিয়ে ধর্ষণ!
সিলেটে পুলিশ ফাঁড়িতে ডেকে নিয়ে এক বিধবা নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ফাঁড়ির এক পুলিশ সদস্যসহ চারজনের বিরুদ্ধে। ওই নারী সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঁচ দিন চিকিৎসা শেষে গত শুক্রবার রাতে সিলেট কোতোয়ালি থানায় এ অভিযোগে মামলা করেন।
সিলেটে হজরত শাহজালাল (রহ.)-এর মাজারসংলগ্ন পুলিশ ফাঁড়িতে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে আজ রোববার যোগাযোগ করলে সিলেট কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) শাহ মো. মুবাশ্বির মামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আসামিদের ‘অজ্ঞাত’ উল্লেখ করে মামলাটি নথিভুক্ত করা হয়েছে।
তবে ওই নারীর অভিযোগ, ফাঁড়িতে কর্তব্যরত কামাল হোসেন নামের এক পুলিশসদস্য ঘটনার সঙ্গে জড়িত থাকায় তাঁকে রক্ষা করতে সব আসামিকে অজ্ঞাত রেখেছে পুলিশ।
সিলেটের হবিগঞ্জের বাসিন্দা ওই নারী অভিযোগ করেন, ২২ সেপ্টেম্বর চিকিৎসার জন্য তিনি সিলেট যান। রাত বেশি হওয়ায় মাজার এলাকায় রাতযাপন করতে যান তিনি। রাত ১০টার দিকে ‘পুলিশ ফাঁড়ির সাহেব ডাকছে’ বলে তিনজন লোক তাঁকে ডেকে নিয়ে যায়। দরগাহের পুকুরপাড়ে দ্বিতীয় তলায় পুলিশ ফাঁড়ির কার্যালয়ে ঢোকার পরপরই দরজা বন্ধ করে দেওয়া হয়। ধর্ষণে বাধা দেওয়ায় পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া তিন ব্যক্তি তাঁকে মারধর করে। পরে ফাঁড়িতে কর্তব্যরত নায়েক কামাল হোসেনসহ তিনজন তাঁকে পালাক্রমে ধর্ষণ করে রাত দুইটার দিকে ফাঁড়ি থেকে বের করে দেয়। দরগাহ এলাকায় রাত কাটিয়ে পরদিন ভোরে তিনি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে ঘটনার বর্ণনা দেন। তাৎক্ষণিক তাঁকে ওসিসিতে ভর্তি করা হয়।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি সূত্র জানায়, ২৩ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত তিনি (নারী) চিকিৎসাধীন ছিলেন। তাঁর অভিযোগের পরিপ্রেক্ষিতে ধর্ষণের ডাক্তারি পরীক্ষাও সম্পন্ন হয়। ওসিসির আইনগত সহায়তা সেলের মাধ্যমে ওই নারী থানায় অভিযোগ দেন।
ঘটনার অন্যতম সন্দেহভাজন পুলিশ ক্যাম্পের নায়েক কামালের দাবি, ওই নারীর অভিযোগ পুরোটাই মিথ্যা। তিনি বলেন, ‘আমিসহ অন্য যাদের নাম বলেছে, এ ঘটনার সঙ্গে কেউ জড়িত নয়। একমাত্র আল্লাহকে সাক্ষী রেখে আমি বলতে পারি, ঘটনাটি শতভাগ মিথ্যা।’
সিলেট কোতায়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ওসিসি থেকে ওই নারী এসে প্রথমে দুজনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন। পরে আবার কাউকে চিনেননি বলে জানান। এর পরদিন পুলিশ ফাঁড়িতে কর্তব্যরত এক পুলিশসদস্যের নামও বলেন। দফায় দফায় তাঁর বক্তব্য পরিবর্তন করায় পুলিশ আপাতত ধর্ষণকারীদের ‘অজ্ঞাত’ রেখে ঘটনা তদন্ত করছে।