পুলিশ ফাঁড়িতে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশ ফাঁড়িতে ডেকে নিয়ে এক নারীকে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। সিলেট নগরের একটি পুলিশ ফাঁড়িতে ২২ সেপ্টেম্বর রাতে এই ঘটনা ঘটে।
ওই নারী গত শুক্রবার সিলেট কোতোয়ালি থানায় মামলা করলেও পুলিশ জড়িত ব্যক্তিদের রক্ষা করার চেষ্টা করছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল রোববার সিলেট কোতোয়ালি থানার উপপরিদর্শক শাহ মো. মুবাশ্বির ওই নারীকে ধর্ষণ করার ঘটনায় জড়িত ব্যক্তিদের ‘অজ্ঞাত’ রেখে মামলা তালিকাভুক্ত করার বিষয়টি নিশ্চিত করেন।
তবে ওই নারীর অভিযোগ, ফাঁড়িতে কর্তব্যরত কামাল হোসেন নামের এক পুলিশ সদস্য ধর্ষণকারী হওয়ায় পুলিশ তাঁকে রক্ষা করতে সব আসামিকে ‘অজ্ঞাত’ রেখেছে।
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ওই নারী অভিযোগ করেন, ২২ সেপ্টেম্বর চিকিৎসার জন্য তিনি সিলেট আসেন। রাত হওয়ায় দরগাহ এলাকায় ঘুমাতে যান।
রাত ১০টার দিকে পুলিশ ফাঁড়ির সাহেব ডাকছে বলে তিনজন লোক তাঁকে নিয়ে যায়। পুলিশ ফাঁড়ির কার্যালয়ে ঢোকার পরপরই দরজা বন্ধ করে দেওয়া হয়।
পরে ফাঁড়িতে কর্তব্যরত নায়েক কামাল হোসেনসহ চারজন লোক তাঁকে পালাক্রমে ধর্ষণ করে। রাত দুইটার দিকে তাঁকে ফাঁড়ি থেকে বের করে দেওয়া হয়।
তবে পুলিশ ফাঁড়ির নায়েক কামালের দাবি, ওই নারীর অভিযোগ পুরোটাই মিথ্যা। তিনি বলেন, ‘ওই নারী আমিসহ অন্য যাঁদের নাম বলেছে তাঁদের কেউ এ ঘটনার সঙ্গে জড়িত নন।’
ওই নারী আরও জানান, দরগাহ এলাকায় রাত কাটিয়ে পরদিন ভোরে তিনি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে ঘটনার বর্ণনা দেন। হাসপাতাল কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে তাঁকে ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করে দেয়।
ওসিসি সূত্র জানায়, ২৩ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন। তাঁর অভিযোগের পরিপ্রেক্ষিতে ডাক্তারি পরীক্ষাও সম্পন্ন হয়। ওসিসির আইনগত সহায়তা সেলের মাধ্যমে ওই নারী থানায় মামলা করেন।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, ওসিসি থেকে ওই নারী এসে প্রথমে দুজনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন। পরে আবার কাউকে চেনেননি বলে জানান। এর পরদিন পুলিশ ফাঁড়িতে কর্তব্যরত এক পুলিশ সদস্যের নামও বলেন। দফায় দফায় তাঁর বক্তব্য পরিবর্তন করায় পুলিশ আপাতত ধর্ষণকারীদের ‘অজ্ঞাত’ রেখে ঘটনা তদন্ত করছে।