পুলিশ ফাঁড়ির কাছে যানবাহনে গণডাকাতি
মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার ধল্লা পুলিশ ফাঁড়ির কাছে বিভিন্ন যানবাহনে গণডাকাতির ঘটনা ঘটেছে। গত সোমবার রাতে হেমায়েতপুর-সিঙ্গাইর সড়কে এ ঘটনা ঘটে।
সিঙ্গাইরের জাইল্যা গ্রামের আবুল হাশেম জানান, গত সোমবার রাতে ঢাকার গাবতলী থেকে একটি ট্রাকে করে তিনি বাড়ি ফিরছিলেন। রাত দুইটার দিকে উপজেলার ধল্লা পুলিশ ফাঁড়ির ৩০০-৪০০ গজ দূরের হেমায়েতপুর-সিঙ্গাইর সড়কের বিন্নাডাঙ্গি এলাকায় ১০-১২ জন সশস্ত্র ও মুখোশধারী ডাকাত একটি বাস রেখে সড়ক অবরোধ করে। এরপর এক এক করে ট্রাক, সিএনজিচালিত অটোরিকশা ও যাত্রীবাহী বাসসহ ১০-১২টি যানবাহনের যাত্রীদের কাছ থেকে নগদ অর্থ ও মুঠোফোন লুট করে নিয়ে যায়।
সিঙ্গাইর থানার ওসি মো. সৈয়দুজ্জামানের মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি ফোন ধরেননি। তবে ধল্লা পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বলেন, ডাকাতির চেষ্টা হলেও কোনো ডাকাতির ঘটনা ঘটেনি। তবে কয়েকজন যাত্রীকে মারধর করা হয়েছে।