পুলিশ ফাঁড়ির সামনে ছিনতাই
বগুড়া শহরের একটি সড়কে হঠাৎ উঠে এল লাঠি হাতে মুখোশধারী দুই ব্যক্তি। চলন্ত মোটরসাইকেলের গতিরোধ করে চালক-আরোহীকে লাঠি দিয়ে পেটাতে শুরু করলেন তাঁরা। কেউ কিছু বুঝে ওঠার আগেই মোটরসাইকেলের আরোহীর হাত থেকে টাকাভর্তি ব্যাগ কেড়ে নিয়ে লোকজনের সামনে দিয়ে চলে গেলেন তাঁরা।
বগুড়া শহরের চেলোপাড়া-সাবগ্রাম সড়কের নারুলী পুলিশ ফাঁড়ির সামনে গতকাল রোববার সকালের দৃশ্য এটি। সেখানে শহরের আকাশতারা এলাকার সুমন ফ্লাওয়ার মিলের ব্যবস্থাপক মামুনুর রশিদ ও কর্মচারী আবুল কাশেম ছিনতাইকারীর কবলে পড়েন। তাঁদের কাছ থেকে ১২ লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়। ছিনতাইকারীদের পিটুনিতে আহত আবুল কাশেমকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে গত ১৪ জানুয়ারি শহরের নিউমার্কেটে বোমা ফাটিয়ে ও ব্যবসায়ীকে গুলি করে একটি স্বর্ণের দোকান থেকে ৬০০ ভরি স্বর্ণালংকার ও পাঁচ লাখ টাকা লুট করে দুর্বৃত্তরা। পালিয়ে যাওয়ার সময় মাইক্রোবাস আটকে কিছু স্বর্ণালংকারসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।
মামুনুর রশিদ বলেন, সকাল সোয়া ১০টার দিকে আবুল কাশেমকে সঙ্গে নিয়ে তিনি ১১ লাখ ৭৬ হাজার টাকা ব্যাগে ভরে জনতা ব্যাংকের করপোরেট শাখায় জমা দিতে যাচ্ছিলেন। টাকাভর্তি ব্যাগ নিয়ে আবুল কাশেম মোটরসাইকেলের পেছনে বসেছিলেন। আকাশতারা থেকে বড়গোলা যাওয়ার পথে নারুলী ফাঁড়ির সামনে দুজন মুখোশ পরা ব্যক্তি লাঠি হাতে রাস্তায় দাঁড়িয়ে মোটরসাইকেলের গতিরোধ করেন। কোনো কিছু বুঝে ওঠার আগেই লাঠি দিয়ে তাঁরা পেটাতে থাকেন। লাঠির আঘাতে দুজনই মোটরসাইকেল থেকে পড়ে যান। সঙ্গে সঙ্গে টাকার ব্যাগ নিয়ে তাঁরা পালিয়ে যান। মাত্র দুই থেকে তিন মিনিটের মধ্যে এ ঘটনা ঘটে। পথচারীদের সামনে ঘটনা ঘটলেও কেউ এগিয়ে আসেনি। পরে পুলিশ এসে ফেলে যাওয়া মুখোশ উদ্ধার করে।
সুমন ফ্লাওয়ার মিলের মালিক ব্যবসায়ী পরিমল কুমার সিং বলেন, ‘ওই দুই কর্মী আমার অত্যন্ত বিশ্বস্ত। ব্যাংকে টাকা পাঠানোর বিষয়টি কীভাবে ছিনতাইকারীরা টের পেল, তা বুঝতে পারছি না।’
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ হোসেন বলেন, ‘নারুলী পুলিশ ফাঁড়িতে অস্ত্রধারী টহল পুলিশ থাকে না। ফাঁড়ির ভেতরে পুলিশ অবস্থান করলেও বিষয়টি টের পায়নি। ঘটনার পরপরই ছিনতাইকারীদের ধরতে পুলিশের একাধিক দল মাঠে নেমেছে। এ ঘটনায় রাতে লিখিত অভিযোগ পেয়েছি।’