পুলিশ বক্সের সামনের সড়কে গণডাকাতি পুলিশ জানে না!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের লালপুর উপজেলার লালপুর-বাঘা সড়কের নসিরারবিল এলাকায় পুলিশ বক্সের সামনেই গত বৃহস্পতিবার দিবাগত রাতে সড়কে গাছ ফেলে ১২টি যানবাহনে গণডাকাতি হয়েছে। এতে চারজন চালক আহত এবং কয়েক লাখ টাকা ও কয়েকটি মুঠোফোন ছিনতাই হয়েছে। অথচ পুলিশ বলছে, ডাকাতির কোনো প্রমাণ পাওয়া যায়নি।
ভুক্তভোগী কয়েকজন চালক বলেন, তাঁরা কেউ ট্রাক, কেউ মাইক্রো, কেউবা সিএনজিচালিত অটোরিকশা নিয়ে ওই সড়ক দিয়ে যাচ্ছিলেন। বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার কিছু পরই নসিরারবিল এলাকায় ১০-১২ জন ডাকাত একটি বটগাছ ফেলে সড়ক অবরোধ করে। এ সময় ১৫-২০টি যানবাহন আটকা পড়ে। ডাকাতেরা ১২টি যানবাহনে হানা দিয়ে চালক ও আরোহীদের কাছ থেকে কয়েক লাখ টাকা ও কয়েকটি মুঠোফোন ছিনিয়ে নেয়। ডাকাতির ঘটনা টের পেয়ে কিছু গাড়ি পেছন থেকে ঘুরে উল্টোদিকে চলে যায়। পরে লালপুর থানার পুলিশ এসে গাছ সরালে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
ডাকাতির শিকার রাজশাহীর বাঘা উপজেলা ট্রাক মালিক সমিতির সহসভাপতি কামাল হোসেন মুঠোফোনে গতকাল শুক্রবার বলেন, তাঁর একটি ট্রাক নসিরারবিল এলাকায় গতকাল ভোররাতে ডাকাতির শিকার হয়েছে। ট্রাকটির চালক রাকিবুল ইসলামকে ডাকাতেরা বেদম মারপিট করে তাঁর সঙ্গে থাকা পাঁচ হাজার টাকা ও একটি মুঠোফোন ছিনিয়ে নিয়েছে।
বাজুবাঘা গ্রামের নাসির আলী বলেন, তিনি সিএনজিচালিত অটোরিকশা নিয়ে বাড়ি ফিরছিলেন। ডাকাতেরা পিটিয়ে তাঁর কাছ থেকে ৮০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে। তিনি বলেন, ঘটনার সময় পুলিশ বক্সে কোনো পুলিশ ছিল না। তবে ডাকাতির পর কিছু পুলিশ ঘটনাস্থলে আসে।
অপর একটি ট্রাকের চালক ইউনুছ আলী বলেন, ডাকাতেরা সড়কে গাছ ফেলে প্রায় ২০ মিনিট ধরে ডাকাতি করেছে। এ সময় সড়কের দুপাশে অনেক গাড়ি আটকা পড়ে। ডাকাতেরা তাঁকেও মারধর করে তাঁর কাছ থেকেও নগদ টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেয়। ঝামেলা এড়াতে তিনি থানায় অভিযোগ দেননি।
লালপুর থানার ওসি আবদুল হাই তালুকদার বলেন, তিনি ডাকাতির কথা শুনে সেখানে পুলিশ পাঠিয়েছিলেন। তবে প্রাথমিক তদন্তে ডাকাতি সংঘটিত হওয়ার মতো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। এ ব্যাপারে কেউ থানায় অভিযোগ দেয়নি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।