পুলিশ বলছে দলের লোকেরাই খুন করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর চাটখিলে ধানখেত থেকে সাজা পাওয়া পলাতক আসামি কবির হোসেনের গুলিবিদ্ধ লাশ উদ্ধারের ঘটনায় তাঁর বাবা গত শুক্রবার রাতে হত্যা মামলা করেছেন। ওই দিন ভোরে চাটখিল উপজেলার পশ্চিম রামনারায়ণপুর গ্রামের ধানখেত থেকে কবিরের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, কবির তালিকাভুক্ত সন্ত্রাসী এবং অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। একটি সন্ত্রাসী বাহিনীও চালাতেন তিনি। তাঁর বিরুদ্ধে একাধিক হত্যাসহ ১০টির বেশি মামলা রয়েছে। পুলিশের দাবি, নিজ দলের লোকদের হাতেই কবির খুন হতে পারেন।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছিমুল হক জানান, কবিরের বাবা সাত-আটজনের নাম উল্লেখ করে মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
স্থানীয় একাধিক জনপ্রতিনিধি নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে জানান, সন্ত্রাসী কবির বাহিনীর প্রধান কবির খুন হওয়ার পর উপজেলার রামনারায়ণপুর ও আশপাশের এলাকার সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। কবির নিহত হওয়ায় তাঁর সহযোগীরাও গা ঢাকা দিয়েছে।