পুলিশ বলছে নিহত সোহেল একাধিক মামলার আসামি
রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের গুলিতে নিহত সোহেল (২৩) ওরফে নাটাই সোহেল একাধিক মামলার আসামি বলে দাবি করেছে পুলিশ। রোববার রাতে যাত্রাবাড়ীর ছনটেক বালুর মাঠ এলাকায় পুলিশের গুলিতে নিহত হয় সোহেল।
যাত্রাবাড়ী থানার পুলিশ জানায়, রোববার রাত সোয়া ১২টার দিকে কয়েকজন যুবক ছিনতাই করছিল। টহলরত পুলিশ তাদের ধাওয়া দিলে যুবকেরা পুলিশকে লক্ষ্য করে ককটেল ছোড়ে। পুলিশ পাল্টা গুলি চালায়। এতে দুজন গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ একজন সোহেল, আরেকজন সজীব। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সোহেল। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, সোহেলের বাঁ পায়ের হাঁটুতে গুলির ছিদ্র দেখা গেছে। তাঁর লাশ গতকাল ঢাকা মেডিকেলের মর্গে নিয়ে যাওয়া হয়। লাশের ময়নাতদন্ত হয়নি, হিমঘরে রাখা হয়েছে। আহত সজীবকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) স্থানান্তর করা হয়েছে।
যাত্রাবাড়ী থানার ওসি অবনী শংকর কর গতকাল প্রথম আলোকে বলেন, সোহেল খুন, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে বিভিন্ন মামলার আসামি। যাত্রাবাড়ী থানায় তার বিরুদ্ধে আটটি মামলার সন্ধান পাওয়া গেছে।