পুলিশ বলছে হেফাজতে নেই, পরিবার বলছে বাড়ি ফেরেনি
গুলশানের হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁর জিম্মি দশা থেকে মুক্তি পাওয়া দুজনের গতকাল বুধবার পর্যন্ত কোনো খোঁজ পায়নি তাঁদের পরিবার। তবে ঢাকা মহানগর পুলিশ বলছে, এই দুজনকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে। তাঁরা পুলিশের হেফাজতে নেই।
তাঁদের একজন আবুল হাসনাত রেজা করিম নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক। আর তাহমিদ হাসিব খান কানাডাপ্রবাসী।
গতকাল যোগাযোগ করা হলে হাসনাত রেজা করিমের স্ত্রী শারমিনা করিম গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, জিম্মি দশা থেকে মুক্তি পাওয়ার পর সর্বশেষ ২ জুলাই রাতে হাসনাত রেজা করিমের সঙ্গে তাঁর দেখা হয়। এরপর আর দেখা হয়নি। তিনি এখনো বাড়ি ফেরেননি। শারমিনা করিম বলেন, ‘তাঁর কোনো খবর আমরা পাচ্ছি না। তিনি কোথায় রয়েছেন, সে সম্পর্কেও আমরা জানি না।’
এদিকে গতকাল যোগাযোগ করা হলে তাহমিদের বাবার ব্যক্তিগত সহকারী কাজী আমজাদ হোসেন প্রথম আলোকে বলেন, তাহমিদের বাবা এখন অসুস্থ। তাহমিদ এখনো বাসায় ফেরেননি।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান প্রথম আলোকে বলেন, হাসনাত ও তাহমিদ—কেউই এখন পুলিশের হেফাজতে নেই। গুলশান ঘটনার তথ্য পাওয়ার জন্য তাঁদের সঙ্গে কর্মকর্তারা কথা বলেছেন। তাঁদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। সাক্ষাৎকার শেষে সর্বশেষ গত ৮ জুলাই তাঁদের ছেড়ে দেওয়া হয়। প্রয়োজনে আবার ডাকা হতে পারে বলে তাঁদের জানিয়ে দেওয়া হয়েছে।