পুলিশ বলছে 'বন্দুকযুদ্ধে' নিহত, আটকের অভিযোগ পরিবারের
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর এলাকায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে কাউসার ভূঁইয়া (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ বলছে, তিনি মাদক ব্যবসায়ী ছিলেন। তবে পরিবার বলছে, গতকাল শনিবার চার পুলিশ সদস্য কাউসারকে বাড়ি থেকে আটক করে নিয়ে যান।
আজ রোববার ভোরে এ ঘটনা ঘটে। কাউসার ভূঁইয়ার বাড়ি শহরের কান্দিপাড়া এলাকায়। পুলিশ বলছে, তাঁর বিরুদ্ধে মাদক আইনে কয়েকটি মামলা রয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজ উদ্দিন ভূঁইয়ার ভাষ্য, গতকাল গভীর রাতে ডিবি পুলিশের একটি টহল দল সদর উপজেলার ভাতশালা এলাকায় সন্দেহজনক গাড়িকে থামতে বলে। এ সময় গাড়িতে থাকা মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়েন। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। গোলাগুলিতে মাদক ব্যবসায়ী কাউসার আহত হন। সদর হাসপাতালে নেওয়ার পর তাঁকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আরও বলেন, গাড়িতে থাকা অন্য মাদক ব্যবসায়ীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। ঘটনাস্থল থেকে একটি পাইপগান, শটগানের কার্তুজের দুটি খোসা ও ১৯৮টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ ভোর ৪টা ৪৫ মিনিটে সদর হাসপাতালের জরুরি বিভাগে গোয়েন্দা পুলিশের একটি দল এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ নিয়ে আসে।
নিহত ব্যক্তির স্ত্রী রীনা বেগম ও তাঁর মেয়ে লিজা আক্তারের ভাষ্য, গতকাল সন্ধ্যার দিকে পুলিশের তথ্যদাতা (সোর্স) দক্ষিণ মৌড়াইল এলাকার বাসিন্দা মোস্তাকিম মিয়ার সঙ্গে সাদাপোশাকের দুজন এবং পোশাক পরা দুই পুলিশ সদস্য কান্দিপাড়ার বাসা থেকে কাউসারকে আটক করে নিয়ে যান। পরে রাতে সদর থানা ও গোয়েন্দা পুলিশের কার্যালয়ে খোঁজ করেও কাউসারের খোঁজ মেলেনি। আজ সকালেও শহরের বিভিন্ন জায়গায় তাঁরা কাউসারকে খোঁজেন। পরে জেলা সদর হাসপাতালের মর্গে গিয়ে তাঁর মরদেহ দেখতে পান।
রীনা বেগমের দাবি, কাউসার মাদক ব্যবসায়ী ছিলেন না। তিনি মাদক সেবন করতেন। তবে তাঁর বিরুদ্ধে থানায় কয়েকটি মামলা রয়েছে বলে তিনি জানান।
পরিবারের করা অভিযোগের বিষয়ে জানতে চাইলে ওসি মো. মফিজ উদ্দিন ভূঁইয়া বলেন, এই অভিযোগ সত্য না।