পুলিশ বলছে 'বন্দুকযুদ্ধ', আহতের দাবি গুলি
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ভূতবাড়ি গ্রামে গতকাল সোমবার দিবাগত রাত ১২টার দিকে দুই ব্যক্তি নিহত ও একজন আহত হয়েছেন। পুলিশের দাবি, ‘বন্দুকযুদ্ধে’ হতাহতের এ ঘটনা ঘটেছে। আহত ব্যক্তির দাবি, গামছা দিয়ে চোখবাঁধা অবস্থায় তিনি গুলিবিদ্ধ হয়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার পুরানাপইল গ্রামের ময়নুল হোসের ওরফে বাবু (৩৬) ও দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার জগন্নাথপুর গ্রামের আবদুস সালাম (২৬)। আহত ব্যক্তি দিনাজপুরের ফুলবাড়ীর বলিহারপুর গ্রামের রমেশ চন্দ্র (৩৬)। রমেশের বাঁ পায়ে গুলি লেগেছে। তাঁকে জয়পুরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন রমেশের ভাষ্যমতে, গতকাল সন্ধ্যায় গাজীপুরের কোনাবাড়ি থেকে তাঁকে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা আটক করে। পরে হাত বাঁধে এবং গামছা দিয়ে চোখ বেঁধে ফেলে। রাতে গাড়িতে করে তাঁকে একটি স্থানে নিয়ে যায়। চোখ বাঁধা থাকায় গন্তব্যস্থল সম্পর্কে তিনি কিছু আঁচ করতে পারেনি। এ সময় গুলির শব্দ পান এবং পায়ে জখম অনুভব করেন। এরপর পুলিশ তাঁকে জয়পুরহাট সদর হাসপাতালে নিয়ে আসে। গোলাগুলির সময় তাঁর সঙ্গে অন্য কেউ ছিল কি না, তা তিনি জানেন না।
জয়পুরহাট জেলা পুলিশ সুপার (এসপি) মোল্লা নজরুল ইসলামের দাবি, গতকাল রাতে ভূতবাড়ি গ্রামে ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে গোপণ সংবাদ পায় পুলিশ। ওই সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযানে যায় জেলা গোয়েন্দা পুলিশ ও পাঁচবিবি থানা-পুলিশের ১০-১২ জনের একটি দল। ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতেরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে।পুলিশ ও পাল্টা গুলি চালায়। তখন উভয় পক্ষের বন্দুকযুদ্ধে বাবু ও সালাম গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন। আর গুলিবিদ্ধ হন রমেশ। নিহত ব্যক্তিদের লাশ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মোল্লা নজরুল ইসলামের দাবি, ‘ঘটনাস্থল থেকে একটি বন্দুক, রিভলবার ও তিনটি গুলি উদ্ধার করা হয়েছে। এ ছাড়াও বন্দুকযুদ্ধে’ পুলিশের দুই কনস্টেবল বজলার রহমান ও সেলিম হোসেন আহত হয়েছেন। তাঁরা জয়পুরহাট জেলা হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হেনা মোস্তফা কামাল জানান,নিহত বাবুর শরীরে দুটি গুলি লেগেছে। এর একটি মাথায়, আরেকটি কোমরে। আর সালামের মাথায় একটি গুলি লেগেছে।