পুলিশ বাদী হয়ে মামলা আসামি ২৫০ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পটিয়ায় অটো টেম্পো-সিএনজি শ্রমিক কল্যাণ সমবায় সমিতির নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে।
এতে ২৩ শ্রমিকের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে।
গত শনিবার রাতে পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী বাদী হয়ে এ মামলা করেন। মামলায় শ্রমিক কল্যাণ সমবায় সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করা বদিউল আলমকেও আসামি করা হয়েছে।
গত শনিবার বিকেলে পুলিশ-শ্রমিক সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার করা আটজনকে গতকাল রোববার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
ওই আটজন হলেন আবদুল মান্নান, মোহাম্মদ ফারুক, আবদুল আজিজ, জাহাঙ্গীর আলম, আবদুল হামিদ, মো. বেলাল উদ্দিন, রুবেল ও রিটন।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেফায়েত উল্লাহ চৌধুরী বলেন, গত শনিবার বিকেলে সমিতির নির্বাচন চলাকালে পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলাটি করা হয়েছে।
আলম সভাপতি, বদিউল সম্পাদক: পটিয়া অটো টেম্পো-সিএনজি শ্রমিক কল্যাণ সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে নুরুল আলম, সহসভাপতি পদে সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে বদিউল আলম ও কোষাধ্যক্ষ পদে শহীদুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
গত শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলা পরিষদ মিলনায়তনে ভোট গণনা শেষে রাত সাড়ে ১১টার দিকে পটিয়া সমবায় অফিসের সহকারী পরিদর্শক ও নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি আবদুল মান্নান ফল ঘোষণা করেন।