পুলিশ বাড়িতে দিয়ে আসার পরপরই একজনকে কুপিয়ে হত্যা
জমি নিয়ে বিরোধ ছিল দুই চাচাতো ভাইয়ের। এ নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি মামলা ছিল। গতকাল রোববার দুই চাচাতো ভাইয়ের একজন নুর মোহাম্মদ (৫৩) মামলা থেকে জামিনে মুক্তি পান। এরপর তিনি পুলিশের উপস্থিতিতে নিজের বাড়িতে ফেরেন। এর আধা ঘণ্টার মধ্যে চাচাতো ভাই ও তাঁর লোকেরা কুপিয়ে তাঁকে জখম করেন বলে অভিযোগ। সন্ধ্যার পর তিনি মারা যান।
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কুশমাইল ইউনিয়নের বরুকা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নুর মোহাম্মদের বাড়ি বরুকা গ্রামে। চাচাতো ভাই আবদুল কুদ্দুছের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল প্রায় ছয় বছর ধরে।
পুলিশ ও স্থানীয় সূত্র বলছে, বরুকা গ্রামের নুর মোহাম্মদ ও চাচাতো ভাই আবদুল কুদ্দুছের মধ্যে জমি ও বসতবাড়ি নিয়ে কয়েক বছর ধরে বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরে আনুমানিক এক মাস আগে কুদ্দুছ নিজের বাড়ির সীমানায় প্রাচীর নির্মাণ করে নুর মোহাম্মদের পরিবারকে বাড়িতে অবরুদ্ধ করে রাখেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি হয়। মারামারির পর নুর মোহাম্মদ ১৪ ডিসেম্বর কুদ্দুছ ও সমর্থকের নামে মামলা করেন। এর আনুমানিক ১৫ দিন আগে আবদুল কুদ্দুছও নুর মোহাম্মদের নামে মামলা করেছিলেন। মামলায় আবদুল কুদ্দুছ আগেই জামিন পান। আর গতকাল রোববার জামিন পান নুর মোহাম্মদ।
পুলিশ জানায়, জামিনে মুক্ত হওয়ার পর গতকাল রোববার বিকেলে নিজের বাড়িতে যাওয়ার সময় নিরাপত্তাহীনতায় ভুগছিলেন নুর মোহাম্মদ। তিনি সাহায্যের জন্য ফুলবাড়িয়া থানা–পুলিশের কাছে যান। বিকেল সাড়ে চারটার দিকে পুলিশ ওই বাড়িতে গিয়ে আবদুল কুদ্দুছ ও নুর মোহাম্মদকে মারামারি না করার কথা বলে আসে। পুলিশ এই বিরোধ মীমাংসার ব্যাপারে সহযোগিতা করবে বলেও জানায়। পুলিশের উপস্থিতিতে দুই ভাই আর মারামারি না করার প্রতিশ্রুতি দেন। তবে পুলিশের ফিরে যাওয়ার আধা ঘণ্টার মধ্যে কুদ্দুছের লোকেরা নুর মোহাম্মদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন। নুর মোহাম্মদকে ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান প্রথম আলোকে বলেন, নুর মোহাম্মদ হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাকিব ও তারিকুল নামের দুজনকে পুলিশ আটক করেছে। তাঁরা আবদুল কুদ্দুছের ভাতিজা। এ ঘটনায় ফুলবাড়িয়া থানায় মামলার প্রস্তুতি চলছে।