পুলিশ বিজিবির যোগসাজশে মাদক ব্যবসার অভিযোগ
মেহেরপুরে পুলিশ, বিজিবি ও কয়েকজন জনপ্রতিনিধির যোগসাজশে মাদকের ব্যবসা চলছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে কয়েকজন পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার (এসপি)।
জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, জেলায় মাদক আসছে ভারতের পশ্চিমবঙ্গ থেকে। সদর, মুজিবনগর, গাংনী উপজেলার প্রায় ৩৫টি স্থান দিয়ে মাদকদ্রব্য দেশে ঢুকছে। সীমান্তঘেঁষা ছয়টি গ্রামের ১৪ জন বাসিন্দা জানান, উপজেলা শহরের অনেক যুবক মোটরসাইকেল নিয়ে ওই সব সীমান্ত গ্রামে গিয়ে মাদক সংগ্রহ করেন। এসব মাদকের ৭০ শতাংশ চলে যায় দেশের বিভিন্ন জেলায়। ৩০ শতাংশ বিক্রি হয় জেলার অভ্যন্তরে। মাদকবিরোধী একটি বেসরকারি সংস্থার তথ্যমতে, জেলায় প্রতিদিন সাড়ে তিন হাজার বোতল ফেনসিডিল বিক্রি হয়। পুলিশ বলছে, সীমান্ত এলাকায় বিজিবির জনবল কম।
সদরের শালিকা, হরিরামপুর, ইছাখালী, বাজিতপুর; গাংনীর রংমহল, খাসমহল, কাজীপুর এবং মুজিবনগরের সোনাপুর, আনন্দবাস, তারানগর গ্রামে মাদকের কেনাবেচা চোখে পড়ে। সীমান্তঘেঁষা গ্রামের অনেকের অভিযোগ, বুড়িপোতা, আনন্দবাস, কাজীপুর, কাথুলী, বাজিতপুরের কয়েকজন ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সরাসরি মাদক ব্যবসায়ী চক্রের সঙ্গে জড়িত। তাঁদের সঙ্গে কাজ করছেন কিছু পুলিশ ও বিজিবি সদস্য।
এসপি হামিদুল আলম বলেন, মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে কয়েকজন পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এ বিষয়ে আরও অনুসন্ধান করা হবে।
বিজিবির মেহেরপুর সদরের বুড়িপোতা কোম্পানি কমান্ডার দীন ইসলাম বলেন, ‘আমার সীমান্ত এলাকার বিজিবির কোনো সদস্য মাদক পাচারে জড়িত থাকার প্রমাণ দিতে পারলে চাকরি ছেড়ে দেব।’ তিনি জানান, ১০-১৫টি বোতল প্যাকেটে ভরে কাঁটাতারের ওপর দিয়ে ছুড়ে পাচার করা হয়। তাদের মধ্যে মুঠোফোনে যোগাযোগ রক্ষা হয়। তাই এককভাবে বিজিবি মাদক চোরাচালান কমাতে পারছে না।
কাথুলী ইউপি চেয়ারম্যান কাবুল হোসেন বলেন, ‘মাদক ব্যবসায় দু-একজন চেয়ারম্যান, মেম্বার জড়িত থাকতে পারেন। যাঁদের নাম আমার মুখ দিয়ে বলা ঠিক হবে না।’
নাম প্রকাশে অনিচ্ছুক থানা পর্যায়ের তিনজন পুলিশ কর্মকর্তা বলেন, প্রভাবশালী জনপ্রতিনিধি ও পুলিশের কিছু সদস্য মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাই নানা তৎপরতায়ও মাদকের ভয়াবহতা কমছে না। পুলিশ সুপারের কার্যালয়ের তথ্য অনুযায়ী, তিন মাসে গাংনী, জেলার তিন থানা-পুলিশ ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি—এ তিন মাসের ৮৪ দিনে ২৮৭টি মাদকবিরোধী অভিযান চালিয়েছে। মাদক উদ্ধারে মামলা হয়েছে ২৮৭টি। এ ছাড়া মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৩২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ভ্রাম্যমাণ আদালত ৮৫ জন মাদকাসক্ত যুবককে মাদকসহ আটক করেন এবং বিভিন্ন মেয়াদে সাজা দেন।
যুব সংগঠন ‘জাগো মেহেরপুর’-এর মুখপাত্র শোয়েব রহমান বলেন, মাদকমুক্ত যুবসমাজ গড়তে তাঁরা গ্রামে গ্রামে উঠান বৈঠক শুরু করেছেন। গ্রামে গ্রামে ‘জাগো যুবক’ কমিটি গঠন করা হচ্ছে।