পুলিশ ভেঙে দেওয়ার পরও বসছে জুয়া!
ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতী ও মুশুলি ইউনিয়নের বিভিন্ন স্থানে জুয়ার আসর চলছে। এসব এলাকায় মাদক বেচাকেনা হচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে।
নান্দাইল মডেল থানার ওসি মো. আতাউর রহমান গতকাল সোমবার বলেন, কয়েকটি স্থানে পুলিশ পাঠিয়ে জুয়ার আসর ভেঙে দেওয়া হয়েছিল। এরপরও কোনো জুয়ার আসর চললে খবর দিলে পুলিশ পাঠানো হবে।
স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, রাজগাতী ইউনিয়নের পাছদরিল্লা, কালীগঞ্জ বাজার ও কাশিনগর এবং মুশুলি ইউনিয়নের মুশুলি রেলস্টেশনের আশপাশে, মেছেরকান্দা, নবীয়াবাদ সেতুর পাশে, বিলপাড়, লায়লার বাজার ও ফরিদাকান্দা গ্রামে নিয়মিত জুয়ার আসর বসানো হচ্ছে।
মুশুলি রেলস্টেশনের কাছের কয়েকজন ব্যবসায়ী বলেন, দিনের বেলায়ও স্টেশনের কাছাকাছি কয়েকটি স্থানে জুয়ার আসর বসে। বাইরের এলাকা থেকে জুয়াড়িরা অংশ নেওয়ার কারণে রাতের বেলা এসব আসর আরও জমজমাট হয়। তখন এখানে চলে মাদক বেচাকেনা। ফলে তরুণসমাজের একটি অংশ মাদকাসক্ত হয়ে পড়ছে। এসবের পেছনে প্রভাবশালী ব্যক্তিদের হাত থাকায় ঝামেলা এড়াতে স্থানীয় ব্যক্তিরা প্রতিবাদ করতে সাহস পান না।
রাজগাতী ইউপির সদস্য মো. বাবুল মিয়া বলেন, এখন আর আগের মতো জুয়ার আসর বসছে না।
মুশুলি ইউপির চেয়ারম্যান মো. ইফতিকার উদ্দিন ভূঁইয়া বলেন, জুয়ার আসর বন্ধ করার জন্য তিনি অনেক চেষ্টা করেছেন। কিন্তু পারেননি। উপজেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় প্রতিকার চেয়েও পাননি।