পুলিশ ভ্যান থেকে পালানো আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধায় পুলিশ ভ্যান থেকে পলাতক আসামি মাদক ব্যবসায়ী শাকিল মিয়াকে (২৫) আট দিন পর গত বুধবার রাতে গোবিন্দগঞ্জ পৌর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোবিন্দগঞ্জ ও গাইবান্ধা সদর থানার পুলিশ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
শাকিল মিয়া গোবিন্দগঞ্জ উপজেলার চরকোচামারি গ্রামের বাসিন্দা।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ঘটনার পর থেকে শাকিলকে গ্রেপ্তারে অভিযান চলছিল। ঘটনার দিন কোর্ট পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আবুল কালাম আজাদ বাদী হয়ে সদর থানায় মামলা করেন। সেই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়।
গাইবান্ধার পলাশবাড়ী থানা-পুলিশ গত ৩১ জানুয়ারি ১৩টি ইয়াবা বড়িসহ শাকিলকে গ্রেপ্তার করে। পরে তাঁকে গাইবান্ধার আদালতে পাঠানো হয়। ওই দিন সন্ধ্যায় শাকিলকে গাইবান্ধা কোর্ট হাজত থেকে জেলা কারাগারে নেওয়ার পথে পুলিশ ভ্যান থেকে তিনি পালিয়ে যান। এ ঘটনায় দায়িত্বে অবহেলার দায়ে আট পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়।
এ নিয়ে ৩ ফেব্রুয়ারি প্রথম আলোর বিশাল বাংলা পাতায় ‘আট পুলিশ সদস্যকে প্রত্যাহার’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকািশত হয়।