পুলিশ-মাদক ব্যবসায়ী গোলাগুলি, আহত ১
পাবনার ঈশ্বরদীতে পুলিশ ও মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলিতে এক ব্যক্তি আহত হয়েছেন। মঙ্গলবার রাতে ঈশ্বরদীর পদ্মানদীর সাঁড়াঘাটে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তির নাম নুরুল ইসলাম (৩০)। তিনি জয়পুরহাট সদর উপজেলার আকমল হোসেনের ছেলে। পুলিশ জানিয়েছে, নুরুল ইসলামের বিরুদ্ধে মাদক ব্যবসাসহ ডাকাতি ও ছিনতাইয়ের নয়টি মামলা রয়েছে।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল হক জানান, নদীপথে মাদকের একটি বড় চালান আসছে—এমন খবর পেয়ে ঈশ্বরদী থানা-পুলিশ মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে সাঁড়াঘাটে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালায়। একপর্যায়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে সেখান থেকে আহত অবস্থায় নুরুল ইসলামকে উদ্ধার করা হয়। তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ওই পুলিশ কর্মকর্তা আরও জানান, নুরুল ইসলামের বিরুদ্ধে ঈশ্বরদীসহ বিভিন্ন থানায় মাদক, ডাকাতি এবং ছিনতাইয়ের নয়টি মামলা রয়েছে। তিনি মাদক সম্রাট ‘কানন’ নামে পরিচিত। বিস্তারিত প্রেস ব্রিফিংয়ে জানানো হবে।