পুলিশ সদর দপ্তরে তদবিরে এসে সন্ত্রাসী গ্রেপ্তার
লক্ষ্মীপুরের কুখ্যাত জিহাদি বাহিনীর প্রধান আবুল কাশেম জিহাদি আজ বুধবার রাজধানীর পুলিশ সদর দপ্তরে অতিরিক্ত মহাপরিদর্শক (এআইজি) শহীদুল হকের সঙ্গে দেখা করে মামলার তদবির করতে এসে গ্রেপ্তার হয়েছেন।
আবুল কাশেম জিহাদি লক্ষ্মীপুরের সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি। তাঁর বিরুদ্ধে দত্তপাড়া ইউপি চেয়ারম্যান নুর হোসেন শামীম, দত্তপাড়ার তাহের, বশিকপুরের নন্দীগ্রামের মোরশেদ আলম, করপাড়ার মনির হোসেন, উত্তর জয়পুরের সেলিম ভূঁইয়া ও কামাল হোসেন হত্যার অভিযোগে মামলা রয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে চাঁদাবাজি, প্রতিপক্ষের বাড়িঘরে হামলা-অগ্নিসংযোগ, অপহরণসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।
পুলিশের কাছে থাকা তথ্য অনুযায়ী, আবুল কাশেম জিহাদির নেতৃত্বে লক্ষ্মীপুরে রয়েছে সন্ত্রাসী দল ‘জিহাদি বাহিনী’। পাঁচটি হত্যাসহ বেশ কয়েকটি মামলার আসামি এই আবুল কাশেম। একাধিক মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে। পুলিশের খাতায় তিনি দীর্ঘদিন ধরেই পলাতক।
পুলিশ সদর দপ্তরের একটি সূত্র জানায়, আজ বেলা তিনটার দিকে জিহাদি অতিরিক্ত আইজিপি শহীদুল হকের কক্ষে মামলার তদবির করতে যান।
অতিরিক্ত আইজিপি জিহাদির সম্পর্কে জানতে লক্ষ্মীপুরের পুলিশ সুপারকে ফোন করেন। এর পরই আসল বিষয়টি বেরিয়ে এলে শাহবাগ থানাকে ডেকে জিহাদিকে ধরিয়ে দেওয়া হয়।
এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত আইজিপি শহীদুল হক প্রথম আলোকে বলেন, ‘দর্শনার্থী হয়ে পুলিশ সদর দপ্তরে নানা ধরনের লোকজন আসেন। দর্শনার্থী হয়ে তিনি আমার কাছে আসেন। এরপর আমি খোঁজ নিয়ে জানতে পারি তাঁর বিরুদ্ধে হত্যা মামলা এবং গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে। শাহবাগ থানার পুলিশ ডেকে তাঁকে গ্রেপ্তার করানো হয়।’
লক্ষ্মীপুরের পুলিশ সুপার (এসপি) শাহ মিজান সাফিউর রহমান প্রথম আলোকে বলেন, অতিরিক্ত আইজিপি জানতে চাইলে তিনি (এসপি) জিহাদির অপরাধের বিষয়ে বিস্তারিত জানান। এরপর জিহাদিকে গ্রেপ্তার করা হয়। তাঁকে লক্ষ্মীপুরে আনতে পুলিশ পাঠানো হয়েছে।
জিহাদিনামা: একসময় জামায়াতে ইসলামীর কর্মী ছিলেন। লক্ষ্মীপুর আওয়ামী লীগের প্রভাবশালী এক নেতার ছত্রছায়ায় পরে আওয়ামী লীগে যোগ দেন জিহাদি। তাঁর আসল নাম আবুল কাশেম। ১৯৯৭ সালে ইউপি নির্বাচনের সময় রকেট লঞ্চার নিক্ষেপ করে তিনি ‘জিহাদি’ উপাধি পান। এলাকায় জনশ্রুতি রয়েছে, তাঁর বাহিনীর ভান্ডারে রয়েছে রকেট লঞ্চার থেকে শুরু করে দেশি-বিদেশি অত্যাধুনিক বিভিন্ন অস্ত্র। চাঁদাবাজি, মাদক ব্যবসা, খুন, ডাকাতি, বাড়িতে অগ্নিসংযোগসহ বিভিন্ন কর্মকাণ্ড দিয়ে এলাকার ত্রাস হিসেবে আবির্ভূত হয় তাঁর বাহিনী। বাহিনীতে রয়েছে প্রশিক্ষিত শতাধিক সন্ত্রাসী। এ বাহিনীর সঙ্গে দত্তপাড়া পুলিশ তদন্তকেন্দ্র ও লক্ষ্মীপুর থানা পুলিশের বেশ কয়েকবার বন্দুকযুদ্ধ হয়। পুলিশ এ বাহিনীর গুলির মুখে প্রতিবারই পিছু হটে আসে। সর্বশেষ ২০১১ সালে অস্ত্র আর বাহিনীর জোরে ভোট ডাকাতি করে ইউপি চেয়ারম্যান তিনি নির্বাচিত হন বলে অভিযোগ রয়েছে।
জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আইনজীবী নুরুল ইসলামকে হত্যা ও গুমের অভিযোগও ছিল তাঁর বিরুদ্ধে। পরে সেই মামলায় খালাস পান তিনি।