পুলিশ সদস্যকে কুপিয়ে পালাল আসামি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় পুলিশ কনস্টেবলকে কুপিয়ে এক আসামি পালিয়ে গেছেন। আজ মঙ্গলবার সকালে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের লালপুর গ্রামে ঘটেছে। আহত কনস্টেবলকে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ, হাসপাতাল কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, একটি সংঘর্ষের ঘটনায় কুলাউড়া থানায় করা মামলায় লালপুরের বাসিন্দা ছালেক মিয়ার (২৪) বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। তিনি বেশ কিছু দিন ধরে পলাতক ছিলেন। গোপন সূত্রে অবস্থান জেনে তাঁকে গ্রেপ্তারের জন্য কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন ও কনস্টেবল অসিত কুমার পাল বেলা সাড়ে ১১টার দিকে লালপুরে যান। এ সময় ছালেক বাড়ির পাশের জমিতে ধান কাটছিলেন। কনস্টেবল অসিত তাঁকে (ছালেক) দেখে পিছু পিছু গিয়ে কোমরে জাপটে ধরেন। এ সময় ছালেক তাঁর হাতে থাকা কাস্তে দিয়ে কনস্টেবল অসিতের কপালে কোপ দিয়ে দ্রুত দৌড়ে পালিয়ে যান। পরে এলাকাবাসীর সহযোগিতায় আহত অবস্থায় অসিতকে কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নূরুল হক মুঠোফোনে প্রথম আলোকে বলেন, কনস্টেবল অসিতের কপালে ক্ষতস্থানে ছয়টি সেলাই লেগেছে। ক্ষতস্থানে ব্যান্ডেজসহ সেবনের জন্য তাঁকে প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়েছে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা বলেন, আসামি ছালেককে ধরতে গিয়ে কনস্টেবল অসিত আহত হয়েছেন। এ ব্যাপারে ছালেকের বিরুদ্ধে মামলা হবে। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।