কক্সবাজারের মহেশখালীতে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলি হয়েছে। গতকাল শনিবার ভোরে উপজেলার বড়মহেশখালী ইউনিয়নের ফকিরাকাটার পূর্বে পাহাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ আগ্নেয়াস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোহাম্মদ শফিউল আলম (৪৭), জসিম উদ্দিন (৩২), জাহাঙ্গীর আলম (৪৫) ও জিয়াউর রহমান (৩৫)। তাঁদের বাড়ি ফকিরাকাটা এলাকায়।
পুলিশ সূত্রের ভাষ্যমতে, চিহ্নিত অস্ত্র ব্যবসায়ী শফিউল আলমকে ধরতে গতকাল ভোররাতে পুলিশ ফকিরাকাটার পূর্বে পাহাড়ি এলাকায় অভিযান চালায়। এ সময় সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। একপর্যায়ে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। আধা ঘণ্টার মতো দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এ সময় পুলিশ একটি এলজি ও ১০টি গুলিসহ শফিউল আলমকে গ্রেপ্তার করে। পরে তাঁর তিন সহযোগী জসিম উদ্দিন, জাহাঙ্গীর আলম ও জিয়াউর রহমানকে গ্রেপ্তার করা হয়। শফিউলের দেওয়া তথ্যের ভিত্তিতে তাঁর বাড়ি থেকে পুলিশ আরও দুটি এলজি উদ্ধার করে।
পুলিশ জানায়, শফিউলের বিরুদ্ধে মহেশখালী থানায় হত্যাসহ তিনটি, জসিমের বিরুদ্ধে তিনটি, জাহাঙ্গীরের বিরুদ্ধে দুটি ও জিয়াউরের বিরুদ্ধে তিনটি মামলা আছে।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের গোলাগুলির সত্যতা নিশ্চিত করে জানান, আত্মরক্ষার্থে পুলিশ ১০টি গুলি ছোড়ে। তিনি জানান, অস্ত্র উদ্ধারের ঘটনায় মহেশখালী থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ হারুনুর রশিদ গ্রেপ্তার চার ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে থানায় মামলা করেছেন। গ্রেপ্তার ব্যক্তিদের গতকাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।