পুলিশ-সন্ত্রাসী 'বন্দুকযুদ্ধ', পুলিশসহ আহত ৫
লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া এলাকায় আজ শনিবার বিকেলে সন্ত্রাসী রুবেল বাহিনীর সঙ্গে পুলিশের ‘বন্দুকযুদ্ধ’ হয়েছে। এতে পুলিশের কনস্টেবল মহিউদ্দিন ও রুবেল বাহিনীর প্রধান রুবেল হোসেনসহ পাঁচজন আহত হয়েছেন।
ঘটনার পর একটি বিদেশি পিস্তল ও দুটি গুলিসহ রুবেলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশের ভাষ্য, তালিকাভুক্ত সন্ত্রাসী রুবেল হোসেন ও তাঁর দলের লোকেরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছেন, এমন খবর পেয়ে বেলা সাড়ে তিনটার দিকে দত্তপাড়া বাজার এলাকায় পুলিশ অভিযান চালায়। এ সময় সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে ২৫-৩০টি গুলি ছোড়ে। পুলিশও পাল্টা ১৭টি গুলি ছোড়ে।
লক্ষ্মীপুরের পুলিশ সুপার ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে জানান, রুবেলের বিরুদ্ধে সদর থানায় একাধিক মামলা রয়েছে। তিনি জানান, আহত লোকজনের মধ্যে রুবেল ও কনস্টেবল মহিউদ্দিনকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।